নাগপুর টেস্টেও চাপের মুখে ভারত
মুম্বাই ও কলকাতা টেস্টের পর নাগপুরেও চাপের মুখে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে ধোনির বাহিনী। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকার। সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। ইংল্যান্ডের পক্ষে ভালো বোলিং করে তিনটি উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন।৫ উইকেটে ১৯৯ রান নিয়ে আজ নাগপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান জো রুট ও ম্যাট প্রিয়র আজও ব্যাট করেছেন বেশ খানিকটা সময়। ষষ্ঠ উইকেটে তাঁদের এই জুটি থেকে এসেছে ১০৩ রান। দলীয় ২৪২ রানের মাথায় এই জুটি ভেঙে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৫৭ রান করে ফিরে যান প্রিয়র। দুই ওভার পরে টিম ব্রেসনানও ধরেন সাজঘরের পথ। অষ্টম উইকেটে ৬০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন জো রুট ও গ্রায়েম সোয়ান। অভিষেক টেস্টেই ৭৩ রানের লড়াকু এক ইনিংস খেলেছেন রুট। গ্রায়েম সোয়ানের ব্যাট থেকে এসেছে ৫৬ রান।ইংল্যান্ডের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বীরেন্দর শেবাগের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন আরেক ওপেনার গৌতম গম্ভীর ও চেতেশ্বর পূজারা। দলীয় ৫৯ রানের মাথায় এই জুটি ভাঙেন গ্রায়েম সোয়ান। এর পর খুব দ্রুত শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীরের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসিয়েছেন জেমস অ্যান্ডারসন। পঞ্চম উইকেটে ১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষে উইকেটে আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।