নাগপুরে খেলবেন এমিলিরা
বাংলাদেশের ফুটবলারদের জন্য একটা দুয়ার বুঝি খুলতে চলেছে!সেই দুয়ারটা ওপারের ভারত, নির্দিষ্ট করে বললে নাগপুর। সেখানে প্রতিবছর অক্টোবর-নভেম্বরে স্থানীয় নাগপুর প্রিমিয়ার ফুটবল লিগ হয়, যদিও আদতে তা আইপিএলের মতো একটা টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় নিয়ে যাচ্ছে ওই টুর্নামেন্টের ১০ দলের অন্যতম নাগপুরের শিল্পপ্রতিষ্ঠান মেঘা গ্রুপের মালিকানাধীন নাগপুর ইউনাইটেড।পরশু দলটির কোচ ভারতের জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আবদুল খালেক ও ম্যানেজার বৈভব রায় এসেছেন ঢাকায়। বাংলাদেশ থেকে তাঁরা বেছে নিয়েছেন দেশের চার শীর্ষ ফুটবলার মুক্তিযোদ্ধার জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, আরিফুল ইসলাম ও আবাহনীর জাহিদ হোসেনকে। কাল তাঁদের সঙ্গে স্থানীয় এক হোটেলে চুক্তি হয়েছে। চুক্তিটা এক মাসের। ১৫ দিন অনুশীলন, বাকি ১৫ দিন খেলা। ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে সেমিফাইনাল। ফাইনালে উঠতে ম্যাচ খেলতে হবে ১৫ দিনে ছয়টি। জানা গেছে, বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড় পারিশ্রমিক পাবেন পাঁচ লাখ রুপি করে।চুক্তি শেষে দলটির ম্যানেজার জানালেন বাংলাদেশ থেকে ফুটবলার নেওয়ার কারণ, ‘ভারত ও বাংলাদেশের ফুটবলাররা প্রায় একই মানের। আমরা চাই, এপারের ফুটবলারদের নিয়ে চ্যাম্পিয়ন হতে। এই খেলোয়াড়েরা ভালো খেললে ভবিষ্যতে অন্য দলগুলো বাংলাদেশ থেকে আরও ফুটবলার নেবে আশা করছি।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহিদ ছাড়া বাকি তিন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তাঁদের সবার হয়ে এমিলি বললেন, ‘দেশের বাইরে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। চেষ্টা করব দেশের মর্যাদা রাখতে।’