মন্থর পায়ে নয়। আবার হনহনিয়েও নয়। তিনি ফিরলেন দ্বিধার দোলাচলে। কখনো মনে হলো বের হতে কষ্ট হচ্ছে। কখনো মনে হলো, যে মাঠ তাঁর এত প্রিয়, সেখান থেকে যত দ্রুত বেরোতে পারেন, ততই যেন মঙ্গল। তিনি শচীন টেন্ডুলকার, ব্যাটিংয়ের সব রেকর্ড নিজের নামের পাশে যাঁর, সর্বশেষ নয় ইনিংসে পঞ্চমবারের মতো নিজের স্টাম্প উপড়ে পড়ে যেতে দেখলেন। মাত্র ২ রান করে বেরিয়ে এলেন মাঠ থেকে।এই টেস্টে আরও এক ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন। এটাই কি শেষ ইনিংস?টেন্ডুলকারের ভুলটা বড় করে দেখাতে গিয়ে আড়ালে চলে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। প্রথম দিনে উইকেট দেখেই বোঝা গিয়েছিল, এখানে ফাস্ট বোলারদের যথেষ্ট রসদ আছে। উইকেট-টু-উইকেট বোলিং করে কিছুটা ভেতরে বল ঢোকাতে পারলেই ব্যাটসম্যানদের বিপদ। অ্যান্ডারসনের এমনই এক ভেতরে ঢুকে পড়া নিচু বলে প্লেড অন হলেন। উপড়ে গেল মিডল স্টাম্প। এর আগে এ রকমই এক বলে ‘জিমি’ উড়িয়ে নিয়েছেন বীরেন্দর শেবাগের স্টাম্পও। দিনটা যাতে পুরোপুরি ইংল্যান্ডের হয়, সেটা নিশ্চিত করতে অ্যান্ডারসন আউট সুইংয়ে উইকেটের পেছনে গৌতম গম্ভীরকে ক্যাচ বানালেন।যে টেস্ট জিতে কোণঠাসা ভারত সিরিজ বাঁচাতে চাইছে, সেই তারাই ইংল্যান্ডের ৩৩০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২৪৩ রানে পিছিয়ে। হারিয়ে ফেলেছে ৪ টপঅর্ডার ব্যাটসম্যানকে। দ্বিতীয় দিন শেষেই নাগপুর টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে।এর আগে ইংল্যান্ডকে এই উইকেট বিবেচনায় যথেষ্ট ভালো পুঁজি এনে দিয়েছেন দুজন। অভিষিক্ত জো রুট বয়সের তুলনায় যথেষ্ট পরিণতবোধের পরিচয় দিয়েছেন ৭৩ রানের ইনিংসটাতে। ২২৯ বলের ইনিংসে মাত্র ৪টি চার। এই উইকেটে বাউন্ডারি হাঁকানোর চেয়ে সিঙ্গেলস বেশি কার্যকর, অভিষেকে নেমেই সেটা বুঝে গেছেন রুট। ওদিকে ইংল্যান্ডের সবচেয়ে সিনিয়র সোয়ান আবার দেখিয়েছেন, মারতে জানলে এমন উইকেটেও মারা যায়। অহেতুক পীযূষ চাওলার ওপর চড়াও হতে গিয়ে ৫৬ রানে এলবিডব্লু। ৯১ বলের ইনিংসটায় ৬টি চার ছাড়াও আছে এখন পর্যন্ত ম্যাচের দুটি ছক্কাই। চাওলার ওপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন রুটও। একটাই ভুল ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ইনিংসে প্রাপ্য সেঞ্চুরিটা থেকে বঞ্চিত করল ২১ বছর বয়সীকে।চাওলাই ভারতের সেরা বোলার। পেয়েছেন ৪ উইকেট। ওদিকে ইশান্তের নামের পাশের ৩টি উইকেট বলছে, এই টেস্ট হয়ে উঠতে পারে অ্যান্ডারসনেরও! কাল শেষ বিকেলে রিভার্স সুইংয়ে ভারতের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এই ভাঙা মেরুদণ্ড নিয়ে কতটা আর লড়াই করবেন ধোনি ও কোহলি? তথ্যসূত্র: ওয়েবসাইট, স্টার স্পোর্টস।