নাগপুরেও ‘হতাশ’ হচ্ছেন ধোনি
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সবচেয়ে আলোচিত চরিত্র ‘উইকেট।’ অনেক সময় এই উইকেট আলোচিত হয়ে উঠেছে কোনো নির্দিষ্ট পারফরমারকে ছাপিয়েও। আহমেদাবাদের প্রথম টেস্টে নয় উইকেটের বিশাল জয়ের পরও উইকেটের সমালোচনায় মেতে উঠেছিলেন ধোনি। তাঁকে কেন ‘ঘূর্ণি উইকেট’ বানিয়ে দেওয়া হয়নি, তা নিয়ে ছিল তাঁর চরম গোস্বা। মুম্বাইয়ে পরের টেস্টে ধোনির মনমতো উইকেট বানিয়ে দেওয়া হলো, কিন্তু তাতে কেল্লাফতে করলেন দুই ইংলিশ স্পিনার মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ান। নিজেদের পাতা ফাঁদে ধরাশায়ী হলো ভারতীয়রা। কলকাতায় ব্যাটিং উইকেট তৈরি ছিল, কিন্তু ওতে বিধ্বস্ত ভারতের বিখ্যাত ব্যাটসম্যানরাই। এই সিরিজে ‘উইকেট’ চরিত্রটি যেন বারবারই আশাহত করে চলেছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।সিরিজে ২-১-এ পিছিয়ে থেকে ধোনিরা আগামী বৃহস্পতিবার নাগপুরে চতুর্থ টেস্টে মাঠে নামছে। সিরিজ বাঁচানোর এই টেস্টে ধোনিদের জন্য কী ধরনের উইকেট অপেক্ষা করছে, এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। তবে ভারতের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নাগপুরও নাকি ধোনিদের আশাহত করতে যাচ্ছে। নাগপুরের জামথা স্টেডিয়ামের উইকেট কেমন হবে, তা মোটামুটি আঁচ করা যায়। ২০১০ সালে এই মাঠেই ডেল স্টেইন ভয়ংকর হয়ে উঠে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন। গত বছর ইশান্ত শর্মার গতিতে এখানেই পরাস্ত হয়েছিল নিউজিল্যান্ড। সুতরাং, নাগপুরের উইকেটে যে ফাস্ট বোলারদের ব্যবহার উপযোগী বাউন্স থাকছে, এ কথা বলে দেওয়াই যায়। নাগপুরের উইকেট নিয়ে বৈদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র অবশ্য ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, এই উইকেট হবে ‘স্পোর্টিং।’ বাউন্সে এই উইকেট হার মানাবে কলকাতার ইডেনের উইকেটকেও। তবে ভালো খেললে ব্যাটসম্যানরা যথেষ্ট সাফল্য পাবেন এতে। স্পিনাররাও এই উইকেটের শুষ্কতা ভালোভাবেই কাজে লাগাতে পারবেন।কিন্তু এতে ধোনির চাওয়া পূরণ হচ্ছে না। তিনি চান ‘মাইনফিল্ড’, যেখানে স্পিনারদের মোকাবিলা করতে গিয়ে চোখে সরষে ফুল দেখবেন ব্যাটসম্যানরা। কিন্তু নাগপুরে ধোনিকে হয়তো উইকেটের চেয়ে নিজেদের পারফরম্যান্সের উন্নয়নের দিকেই বেশি নজর দিতে হচ্ছে।