নাগপুরের প্রথম দিনটা দুই দলেরই
সিরিজ নির্ধারণী নাগপুর টেস্টের প্রথম দিনটি তৃপ্তি নিয়েই শেষ করেছেন মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের প্রথম ৫ উইকেট ফেলে দেওয়াই এই তৃপ্তির কারণ। তবে ৫ উইকেট হারালেও দিন শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ১৯৯ রানকেও খুব একটা খারাপ বলা যাচ্ছে না। সব মিলিয়ে নাগপুর টেস্টের প্রথম দিন কোনো দলকেই হাত খুলে কিছু দেয়নি। তবে ষষ্ঠ উইকেটে ম্যাট প্রিয়র ও অভিষিক্ত জো রুটের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটির ওপর এই টেস্টের দ্বিতীয় দিনের গতি-প্রকৃতি নির্ভর করছে।দিনের শুরুটা কিন্তু একেবারেই ভালো ছিল না ইংল্যান্ডের। ইশান্ত শর্মার গতির মুখে ১১ ওভারে মাত্র ১৬ রান তুলেই দুই ওপেনারকে হারায় ইংলিশরা। অ্যালিস্টার কুক হন এলবিডব্লিউ। কম্পটন ফেরেন ইশান্তের বলে উইকেটরক্ষক ধোনির হাতে ধরা পড়ে। তৃতীয় উইকেটে কেভিন পিটারসেন ও জোনাথন ট্রটের ৮৭ রানের জুটি খেলায় ফেরায় ইংল্যান্ডকে। ট্রট ৪৪ রানে ভারতের পক্ষে অভিষিক্ত রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। পিটারসেন অবশ্য ৭৩ রান করেন। তিনিও আউট হন জাদেজার বলে। দিন শেষে প্রিয়র ৩৪ ও রুট ৩১ রান নিয়ে অপরাজিত আছেন। ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা তুলে নিয়েছেন ২টি করে উইকেট। সূত্র: রয়টার্স।