নাচ দিয়ে ইরফান পাঠানের ঝলক

ভারতীয় ক্রিকেটে খেলা আর বলিউড এখন হাতে হাত ধরেই পথ চলছে। আইপিএল শুরুর পর থেকে ক্রিকেটে এখন গ্ল্যামারের জয়জয়কার। কিছুদিন পরপর তাই বিভিন্ন ক্রিকেটারকেই দেখা যায় টিভি পর্দায়। ইরফান পাঠানও সেই দলে নাম লেখালেন। খেলার মাঠ ছেড়ে এবার নাচের স্টেজে নেমে পড়লেন এই পেসার। গত রোববার এনডিটিভির নাচের অনুষ্ঠান ‘ঝলক দিখলা যা’তে নিজের প্রতিভা দেখিয়ে চমকে দিয়েছেন সবাইকে। এনডিটিভির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে উঠেছিলেন এই ক্রিকেটার।
জাতীয় দলে সর্বশেষ খেলেছেন প্রায় তিন বছর আগে। আইপিএলের এবারের আসরে খেলাও হয়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছেড়েই দিয়েছেন ত্রিশ পেরোনো এই পেসার। নাচের অনুষ্ঠানে নাম লেখানো সেই পথেই এগিয়ে যাওয়া কিনা কে জানে। নাচিয়ে হিসেবে অভিষেকেই অবশ্য চমকে দিয়েছেন। বিচারকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এক ভক্ত টুইটারে মন্তব্য করেছেন, ‘ইরফানের কোমর দোলানো তো শাকিরাকেও লজ্জায় ফেলবে।’
নিজের প্রতিভায় মুগ্ধ ইরফানও। বলেছেন, ‘এটা এক নতুন অভিজ্ঞতা। এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি, এই অনুষ্ঠানের উদ্দেশ্যই আনাড়িদের নাচিয়ে বানানো।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩০১টি উইকেটের মালিক ইরফানের নাচে নেমে পড়ার পেছনে অবশ্য মহৎ উদ্দেশ্য আছে। বড় ভাই ইউসুফকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি করেছেন ক্রিকেট একাডেমি অব পাঠানস। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ খরচ করবেন সেখানেই।