‘এবারের অলিম্পিক হবে উপভোগের অলিম্পিক।’ ঘোষণাটি ছিল মাইকেল ফেল্পেসর। লন্ডন অলিম্পিকে উপভোগের মূলমন্ত্র করে এসেছিল আসলে পুরো যুক্তরাষ্ট্র দলই। এ সময়ের জনপ্রিয় পপ গান ‘কল মি মেবি’তে ঠোঁট মিলিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল ফেল্প্স, রায়ান লোকিট, মিসি ফ্রাঙ্কলিনদের নিয়ে। ফেল্প্সরা গাইছেন, ফেল্প্সরা নাচছেন। এখন মনে হচ্ছে, আরও একটি ভিডিও বানানোর সময় চলে এসেছে!পরশু পর্যন্ত চারটি ফাইনালে সাঁতরে মাত্র একটি সোনা পেয়েছেন ফেল্প্স। সাদা চোখে মনে হতে পারে, ফেল্প্স একেবারেই ব্যর্থ। ফেল্প্স নিজের মাপকাঠিতে ব্যর্থ তো বটেই, তবে একটি সোনা আর দুটি রুপা—মন্দ কী! গতকাল রাতে আরও একটি সোনার সামনে দাঁড়িয়ে ছিলেন। ‘৮-এ ৮’-এর অবিস্মরণীয় কীর্তি ইতিহাসে একবারই হয়! সাঁতারে চীনের অবিশ্বাস্য উত্থানও ভুল বার্তা দিতে পারে। গতবার সাঁতারে সাকল্যে একটি সোনা জিতেছিল চীনারা। পরশু পর্যন্ত সেই তারাই জিতেছে ৪ সোনা, দুটি করে রুপা-ব্রোঞ্জ। কিন্তু যুক্তরাষ্ট্রের আধিপত্য কি ক্ষুণ্ন হয়েছে? মোটেও না। এবার ফেল্পেসর মতো কারও একক আধিপত্য নেই বলে যুক্তরাষ্ট্রের দাপটটা ঠিক চোখে পড়ছে না। কিন্তু পরশু পর্যন্ত আটটি সোনাসহ সাঁতারে ১৮টি পদক জেতা হয়ে গেছে তাদের। মনে রাখবেন, বেইজিংয়ে সাঁতার থেকে ১২টি সোনা এসেছিল যুক্তরাষ্ট্রের। সাঁতারই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে পদক-প্রসবিনী খেলা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের চেয়েও এখান থেকে বেশি পদক পায় তারা। গত অলিম্পিকে ১২টি সোনার পাশাপাশি ৯টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ ৩১টি পদক জিতেছিল যুক্তরাষ্ট্র। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ৮টি সোনাসহ জিতেছিল ২৪টি পদক। এবারও যুক্তরাষ্ট্রের ‘উভচর’ মানব-মানবীরা এনে দিচ্ছেন সাফল্য। বুধবার মেয়েদের ৪–২০০ মিটার ফ্রি-স্টাইল রিলে পর্যন্ত যুক্তরাষ্ট্র নিকটতম প্রতিদ্বন্দ্বী চীনের চেয়ে ঠিক দ্বিগুণ সোনা জিতেছে। মোট ২০টি রেসের ১৭টি থেকেই কমপক্ষে একটি হলেও পদক এনেছে। মোট ৬০টি পদকের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগই গেছে যুক্তরাষ্ট্রের অধিকারে।এরই মধ্যে অভিনন্দনের বৃষ্টিতে ভিজতে শুরু করেছে যুক্তরাষ্ট্র দল। ফেল্প্স ক্যারিয়ারের ১৯তম অলিম্পিক পদকটি জেতার পরপরই ফোন করেছিলেন খোদ বারাক ওবামা। অবশ্য এর চেয়েও ‘বড় খবর’ আছে ফ্রাঙ্কলিনের কাছে। যুক্তরাষ্ট্রের সাঁতার দলের এই উঠতি তারকা, ১৭ বছর বয়সী তরুণীকে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন সংগীত তারকা জাস্টিন বিবার। ওই বার্তা পাওয়ার পর ফ্রাঙ্কলিন নাকি ‘ধড় কেটে ফেলা মুরগি’র মতো নাচছিলেন!নাচ অবশ্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র দলের জন্য। দলীয় সাফল্য এখন তারা নাচ দিয়েই উদ্যাপন করে। বুধবার যেমন নাচের জন্য বেছে নেওয়া হয়েছিল রিয়ানার একটি গান। পুরো দল যেন এক সুখী পরিবার। ফ্রাঙ্কলিন বলছিলেন, ‘আপনি যদি ভিডিওটা দেখেন, দল হিসেবে আমরা কতটা একে অন্যের কাছাকাছি সেটা বুঝতে পারবেন।’ এই একই কথা বলছিলেন সাঁতার দলের প্রধান কোচ টেরি ম্যাককিভার, ‘গ্রেগের (ট্রয়, পুরুষ দলের প্রধান কোচ) সঙ্গে আমি অনেক সলাপরামর্শ করেছি কেবল আমাদের ক্যাম্পের আবহাওয়া কেমন হওয়া উচিত এটা নিয়েই। আমরা একটা সত্যিকারের দল চাইছিলাম। সত্যিই খুব মজা পেয়েছি কাজ করে।’এই মজার সঙ্গে তৃপ্তি আর গর্বও নিশ্চয়ই যোগ হতে চলেছে অলিম্পিক শেষ হওয়ার পর। ‘আমরা করব জয়’ যদি হয় যুক্তরাষ্ট্রের অলিম্পিক-পূর্ব স্লোগান, অলিম্পিকের পর তারা গাইতেই পারে—‘আমরা করেছি জয়’। বানাতে পারে নতুন আরেকটা ভিডিও। রয়টার্স।