নাচে-গানে আজ বিপিএলের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে এক ধরনের সাজ সাজ রব, উৎসবের আমেজ। তবে উৎসব কিসের, জানা না থাকলে বোঝা মুশকিল। কাল মিরপুর স্টেডিয়ামে ঢুকে মনে হলো প্রস্তুতি চলছে বড়সড় কোনো কনসার্টের। বিশাল মঞ্চ, নানা রকম আলোকসজ্জার কাজ চলছে। নির্মাণশ্রমিকদের হাঁকডাক, তত্ত্বাবধানকারীদের ছুটোছুটি, পেরেক-হাতুড়ির ঠুকোঠুকি...। মাঠে ছড়িয়ে আছে নানা সাইজের অসংখ্য পেরেক। এই মঞ্চেই আজ হওয়ার কথা জমকালো এক অনুষ্ঠান। তবে উৎসবটা যে ক্রিকেটের, সেটা বোঝা মুশকিল।সেটা অবশ্য বোঝা গেল একাডেমি মাঠে যেতেই। সকাল থেকে অনুশীলন করছিল চট্টগ্রাম কিংস ও খুলনা রয়েল বেঙ্গল। এই দুই দলের অনুশীলনের শেষের সঙ্গে মিলে গেল ঢাকা গ্লাডিয়েটর্স ও সিলেট রয়্যালসের শুরু। আক্ষরিক অর্থেই যেন নানা দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের মেলা বসে গেল একাডেমি মাঠে। যেন মিলনমেলাও, চলল হাত-কাঁধ মেলানো, অনুশীলনের চেয়ে গালগল্পই যেন বেশি হলো।শেষ পর্যন্ত বিপিএলে ক্রিকেটটাই মুখ্য থাকবে নাকি গ্ল্যামার—সেটার উত্তর সময়েই মিলবে। তবে আজ উদ্বোধনী অনুষ্ঠান যথেষ্ট গ্ল্যামারাসই হচ্ছে। ভাষার মাস, তাই একুশের গান দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা অনুষ্ঠান। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষ হবে আতশবাজির আলোর ঝলকানিতে। মাঝে থাকবে দেশি-বিদেশি শিল্পীদের নানা পরিবেশনা। অনুষ্ঠানে পারফর্ম করতে কালই ঢাকায় চলে এসেছেন বলিউড তারকা বিপাশা বসু ও মালাইকা অরোরা। দুই সংগীত তারকা শান ও বাপ্পী লাহিড়ীর আসার কথা আজ সকালেই। পারফর্ম করবেন মিলা ও দেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি ও মাইলস। ছয় দলের ক্রিকেটারদের নিয়েও থাকার কথা একটি পরিবেশনা।যে জন্য এত আয়োজন, সেই মাঠের ক্রিকেট শুরু আগামীকাল। বেলা ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট রয়্যালস ও বরিশাল বার্নারস। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস ও দুরন্ত রাজশাহী। নিলামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটারদের বেশ কজন শেষ পর্যন্ত আসছেন না, অনেকে আসবেন আজ, এমনকি কালও। সব মিলিয়ে অনেক সংশয়, শঙ্কা ও সম্ভাবনা নিয়ে শুরু হচ্ছে বিপিএল।