
যেন যুদ্ধ জিতে ফিরেছেন নাজমুল হাসান। পারিষদবর্গ নিয়ে হাসিমুখে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘ক্রিকেটের জন্য এটা অত্যন্ত ভালো দিন। যে হুমকি ছিল সেটা সরে গেছে। আমরা অতি শিগগিরই নির্বাচনের প্রস্তুতি নেব। ২৯ জুলাই বোর্ড সভা আছে। সেখানে বসে ঠিক করে এ মাসের মধ্যেই এনএসসির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করব।’
দুই পাশে অস্থায়ী কমিটির ছয় সদস্য মাহবুবুল আনাম, জালাল ইউনুস, এনায়েত হোসেন, গাজী আশরাফ হোসেন, ইসমাইল হায়দার মল্লিক ও লোকমান হোসেন ভুঁইয়াকে নিয়ে কাল দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান তাৎক্ষণিক এই সংবাদ সম্মেলনটা করলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উদ্দেশ্য বিসিবির নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানানো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া গতকালের নিদের্শনা অনুযায়ী বিসিবির নির্বাচনে আপাতত আইনগত বাধা নেই। নির্বাচন করা যাবে ২০১২ সালের ২৯ নভেম্বরের গঠনতন্ত্র অনুযায়ীই। তবে নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটির বৈধতা নির্ভর করবে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ওপর।
আইসিসির নির্দেশনা অনুযায়ী বিসিবির সভাপতি পদেও নির্বাচন হবে এবার। সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী আর বর্তমান সভাপতি দুজনের নামই শোনা যাচ্ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাবের হোসেন চৌধুরী নির্বাচন করবেন কি না, সেটা কালই জানা না গেলেও নাজমুল হাসান নির্বাচন করারই আভাস দিলেন। তবে পরিচালক পদে নির্বাচন না করে সরাসরি সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা তাঁর, ‘আমি পরিচালক পদে নির্বাচন নাও করতে পারি। একাধিক প্যানেল হলে সভাপতি হিসেবে আমার কোনো প্যানেলে না যাওয়াই উচিত। আমার নিরপেক্ষ থাকা উচিত। যদি একাধিক প্যানেল হয়, আমি হয়তো কোনো প্যানেলেই থাকব না। নির্বাচন করলে সরাসরি সভাপতি পদে নির্বাচন করব।’ ২০১২ সালের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি সরকার মনোনীত বোর্ড পরিচালক হবেন তিনজন। নির্বাচন এড়িয়ে নাজমুল হয়তো সে কোটায়ই বিসিবিতে আসার পরিকল্পনা করছেন। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির সভাপতি নির্বাচিত হবেন নির্বাচিত পরিচালকদের ভোটে।
কিন্তু চূড়ান্ত রায় যেহেতু হয়নি, ২০১২-এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হলেও পরে যদি সেটা বাতিল হয়ে যায়? বিসিবি সভাপতি আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বললেন, ‘এ নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। এরও প্রতিক্রিয়া আছে। যদি কাউন্সিলররা এসে এই গঠনতন্ত্র পরিবর্তন করে দেন, তাহলে আমরা আবার সেটা এনএসসিতে পাঠাব অনুমোদনের জন্য।’ তবে পূর্ণাঙ্গ বেঞ্চে এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি, ‘এটা খুবই আনলাইকলি। আমার জানামতে, মেরিট না থাকলে এই জিনিস লিভ হয়ে যাওয়ার কথা না। যেহেতু হাইকোর্টে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশনে খুব স্ট্রং মেরিট না থাকলে লিভ টু আপিল হয় না। এ রকম উদাহরণও খুবই কম।’
বিসিবির বার্ষিক সভার অনুমোদন ছাড়া কিছু বিষয় সংযুক্ত হওয়াতেই এনএসসি অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে জটিলতার সৃষ্টি। প্রিমিয়ার লিগের সুপার লিগের ছয় ক্লাব থেকে দুজন করে কাউন্সিলর সাধারণ পরিষদে আসার অদ্ভুত এক নিয়মও রাখা হয়েছে সেখানে। ধারণা করা হয়, পর্দার আড়ালে থেকে নতুন সংযোজনগুলো বিসিবির বর্তমান অস্থায়ী কমিটিই করেছে। তবে আগের মতো কালও নাজমুল হাসান সে দায় না নিয়ে বললেন, ‘এই গঠনতন্ত্রের একটা লাইনও আমি করিনি। আই ওয়াজ গিভেন। অ্যাডহক কমিটি ২৮ তারিখে এসেছে, ওই দিনই এটা আমাকে দেওয়া হয়েছে।’ তবে শরীরী ভাষায় গোপন রাখতে পারেননি সুপার লিগের ছয় ক্লাব থেকে দুজন করে কাউন্সিলর আসার অদ্ভুত নিয়মের প্রতি নিজের সমর্থনটা, ‘আমি এই প্রথম শুনলাম যে ক্লাবগুলোর দুটো করে কাউন্সিলরশিপ নিয়ে সমালোচনা হচ্ছে। কারা করছে? কোন সংগঠক? সংগঠক মানে তো তার ক্লাব থাকতে হবে। আর জেলা তো বলতেই পারে। যেহেতু তাদের সমান হয়ে যাচ্ছে।’
এ বছরের জুনের মধ্যে সব বোর্ডে নির্বাচিত সভাপতি আনার বাধ্যবাধকতা ছিল আইসিসির। পাকিস্তান ও শ্রীলঙ্কা সে শর্ত পূরণ করলেও আইনি জটিলতার কারণে পিছিয়ে যায় বিসিবি। আইসিসির শর্ত পূরণের জন্য বিসিবির নির্বাচনটা জরুরি হলেও নির্বাচনের সঙ্গে বাংলাদেশ থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্য কোনো দেশে চলে যাওয়ার কী শঙ্কা থাকতে পারে, কে জানে! বোর্ড সভাপতি সে রকমই বোঝাতে চাইলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে জটিলতা আছে। ভয় ছিল গঠনতন্ত্র ও নির্বাচন ৩০ জুনের মধ্যে করতে না পারলে সেটারও নেতিবাচক প্রভাব টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর পড়ে কি না। প্রক্রিয়া ভুল হলে ঠিক করা যাবে। আইনে ভুল থাকলে ঠিক করা যাবে। কিন্তু একবার যদি আইসিসির সদস্যপদ চলে যায় অথবা বিশ্বকাপ অন্য কোথাও চলে যায়, তখন আর তা ফিরিয়ে আনার কোনো পথ থাকে না।’