নাজমুল-আশরাফ ‘শীর্ষ বৈঠক’ আজ
বিসিবি-পিসিবি ‘শীর্ষ বৈঠক’ হবে দিল্লিতে এবং সেটা আজই। দিল্লিতে আজ ভারত-পাকিস্তানের শেষ ওয়ানডে চলার যেকোনো মুহূর্তে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও পিসিবি প্রধান জাকা আশরাফ।বিসিবি বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত করার পর পিসিবি থেকেই আসে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ। কলকাতা, দিল্লি অথবা লাহোরে সাক্ষাৎ চেয়েছিলেন তাঁরা বিসিবির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আছেন ছুটিতে। কাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, নাজমুল হাসান আজ সকালে ভারতে যাবেন ওই আমন্ত্রণ রাখতেই, ‘জাকা আশরাফ আমাদের সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন। উনি কয়েকটা সম্ভাব্য জায়গার কথা বলেছিলেন। চাইলে আমরা ভারতে গিয়ে অথবা পাকিস্তানেও দেখা করতে পারি। ৬ তারিখে (আজ) দিল্লিতে একটা ওয়ানডে আছে। বোর্ড সভাপতি সেখানেই যাচ্ছেন।’দ্বিপাক্ষিক ক্রিকেট-সংক্রান্ত কথা হবে দুই বোর্ড সভাপতির মধ্যে। কোন পরিস্থিতিতে পাকিস্তান সফর স্থগিত করতে হয়েছে, সেটা জাকা আশরাফকে বুঝিয়ে বলবেন বিসিবি প্রধান। আশ্বাস দেবেন, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তান সফর করার। তবে সফরের জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রতিশ্রুতি দেওয়া হবে না।বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের আসার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘সামনে বিপিএল। পাকিস্তানি খেলোয়াড়েরা তাতে আসবে কি আসবে না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটাও সেখানে আলাপ হবে।’ এসিসির সভায় যোগ দিতে দিল্লি থেকেই সিঙ্গাপুর চলে যাওয়ার কথা নাজমুল হাসানের।