নাজমুল বাদ, ফিরলেন ফরহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। বাদ পড়েছেন ফাস্ট বোলার নাজমুল হোসেন। তাঁর বদলে দলে আনা হয়েছে অলরাউন্ডার ফরহাদ রেজাকে।প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, ব্যাটিং লাইন আপে শক্তি বাড়াতেই নাজমুলের বদলে রেজাকে দলে রাখা হয়েছে। তিনি বলেন, ‘নাজমুলের বদলে আমরা রেজাকে দলে রেখেছি; কারণ, ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর প্রয়োজন আমাদের। আশা করছি, রেজার অন্তর্ভুক্তি ব্যাটিংয়ে গভীরতা বাড়াবে, সাম্প্রতিক সফরগুলোতে আমরা যেটার অভাব বোধ করেছি ।’টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৮ সেপ্টেম্বর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর প্রস্তুতি হিসেবে গত মাসে আয়ারল্যান্ড ও হল্যান্ড সফরে যায় বাংলাদেশ। ইউরোপ সফরের শুরুটা ভালোই হয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচেই জয় পায় বাংলাদেশ। কিন্তু গোল বাধে হল্যান্ড সফরে। এ সফরে তিনটি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। এর মধ্যে মুশফিকুর রহিমরা হারেন দুটিতে। একটি স্বাগতিক হল্যান্ড, অন্যটি স্কটল্যান্ডের বিপক্ষে।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান ও আবুল হাসান।