নাজমুলের জায়গায় ফরহাদ
আভাসটা আগেই দিয়েছিলেন কোচ রিচার্ড পাইবাস। কাল দল ঘোষণার পরও দেখা গেল, খুব বেশি পরিবর্তন নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। সর্বশেষ ইউরোপ সফরের দল থেকে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে পরিবর্তন একটাই। পেসার নাজমুল হোসেনের জায়গায় এসেছেন ফরহাদ রেজা।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৩১ আগস্ট এই দলটাই বিসিবি একাদশ নামে ত্রিনিদাদে যাবে একটা টি-টোয়েন্টি লিগ খেলতে। ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি লিগে আরও খেলবে স্বাগতিক ত্রিনিদাদ, আফগানিস্তান ও বারবাডোজ দল। জ্যামাইকা দলের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত জ্যামাইকার পরিবর্তে বারবাডোজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিনিদাদ থেকেই ১২ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা চলে যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৮ সেপ্টেম্বর।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের খেলা। দল নির্বাচনের সময় আকরাম খানের নির্বাচক কমিটির মাথায়ও সেটা ছিল। ১৫ জনের তালিকার শেষ পাঁচটা নাম পেসারদের হলেও তাঁদের ব্যাটিং -সামর্থ্যটাও ছিল বিবেচনায়। মাশরাফি বিন মুর্তজা গত ইউরোপ সফরেই দেখিয়েছেন ব্যাটিংটা এখনো ভোলেননি। জিয়াউর রহমান তো বোলারের চেয়ে ব্যাটসম্যানই বেশি। শফিউল ইসলাম, আবুল হাসানের সঙ্গে আরেকটা নাম ফরহাদ রেজা হওয়ার কারণও এটাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান, ‘টি-টোয়েন্টিতে আমরা যে রকম আশা করি, ইউরোপ সফরে সে রকম খেলতে পারেনি নাজমুল। অন্যদিকে ফরহাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটাই আছে। আমাদের মনে হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে নাজমুলের চেয়ে ফরহাদই বেশি কার্যকর হবে।’ইউরোপ সফরে দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি নাজমুল। তবে পরিসংখ্যান কথা বলছে না ফরহাদের পক্ষেও। এ পর্যন্ত আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে যে ছয় ইনিংস ব্যাট করেছেন, তাতে রান করেছেন ৭, ১৮, ১৯, ৪, ২ ও ৬। বল করার সুযোগ পেয়েছেন ছয় ম্যাচে। দুটিতে ২টি করে উইকেট পেলেও সর্বশেষ চার ম্যাচে উইকেট নেই। উইকেটশূন্য ছিলেন গত জুনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ‘আনঅফিশিয়াল’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচেও। তবে ২ ওভার বল করে রান দিয়েছিলেন মাত্র ৮। ফরহাদ ওটাকেই নিয়েছেন আত্মবিশ্বাসের মন্ত্র হিসেবে, ‘উইকেট না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা বোলিং আমাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। তা ছাড়া কোচও আমাকে অনেক সমর্থন দিচ্ছেন। আমার পক্ষে কী করা সম্ভব, সেটা বুঝিয়েছেন।’প্রধান নির্বাচক আকরাম যথারীতি ১৫ সদস্যের এই দলটাকেই সময়ের সেরা দল বলছেন, ‘আমরা সেরা দলই নির্বাচন করেছি। অনেক দিন ধরে একসঙ্গে খেলছে দলটা। খুব বেশি পরিবর্তন কখনো হয়নি, আমরা সেটার পক্ষেও না।’ এই দল নিয়েই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া। সেটা খুবই সম্ভব বলে মনে করি। তবে এটাও মনে রাখতে হবে, টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল বলে কিছু নেই।’ ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ দলের সঙ্গে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।এদিকে ঈদের আগে কালই শেষ অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঈদের পর আবার অনুশীলন শুরু হবে ২৫ আগস্ট।টি-টোয়েন্টি বিশ্বকাপের দলমুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াস, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, আবুল হাসান।