নাজিমউদ্দিনের মায়ের খুশি
আলকরণের বাসাটিতে কাল বয়ে গেল আনন্দবন্যা। বাড়তি কোনো আয়োজন ছিল না। তবু বাড়ির সবার মুখে হাসি। একটু ভালো-মন্দ রান্না হয়েছে। যাঁকে কেন্দ্র করে এই আনন্দের হাট, তাঁর জন্য অপেক্ষায় রইল সবাই। সবকিছু ঠিকঠাক থাকলে এ বাড়ির বড় ছেলে নাজিমউদ্দিনের মাথায় আজ উঠছে টেস্ট ক্যাপ।অনুশীলন শেষে হোটেল হয়ে বেলা তিনটার দিকে ফিরলেন নাজিমউদ্দিন। পরিবারের অন্যদের সঙ্গে খেতে বসলেন। নাজিমউদ্দিনের সঙ্গে তাঁর মায়ের যোগাযোগই সবচেয়ে বেশি। টেস্ট দলে ডাক পাওয়ার খবরটি মাকেই ফোন করে জানান প্রথম। রংপুর থেকে খবরটি মুহূর্তেই পৌঁছে যায় আলকরণের বাড়িতে। ‘মঙ্গলবার রাত ১২টার দিকে নাজিম আমাকে ফোন করে জানায় খবরটি। কী যে খুশি হয়েছি!’—বললেন নূরনাহার বেগম।সব সময় মায়ের কাছেই ‘প্রশ্রয়’ পেয়েছে নাজিমউদ্দিনের ক্রিকেট। ছেলের কষ্ট দেখে মাঝেমধ্যে তিনিও কম কষ্ট পাননি। তবে কষ্টটা কোনোভাবেই বুঝতে দেননি ছেলেকে। ২০০৪ সালে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অনুশীলনে শীতের দিনে এক ড্রাম বরফ পানিতে গলা পর্যন্ত ডুবে থাকার কষ্ট থেকে বাঁচতে নাজিমউদ্দিন মায়ের কাছে ফিরে আসার আকুতি জানিয়েছিলেন। কিন্তু নূরনাহার ছেলের কথায় কান দেননি, ফিরতে দেননি তাঁকে বিকেএসপি থেকে। স্নেহ হেরে গেছে ভবিষ্যৎ মঙ্গলচিন্তার কাছে। নাজিম এটিরই ফল পান ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাতে চার জাতি টি-টোয়েন্টি কাপে তারকাদ্যুতি ছড়িয়ে। ওই সফরে নাজিমের মনে পড়েছিল মায়ের কথা। স্বীকার করেছিলেন, ‘মায়ের কারণেই আজ আমি ক্রিকেটার হয়েছি।’তাঁর মা-ও এটা ভালোই জানেন, ‘কষ্ট না করলে কি ক্রিকেটার হতে পারবে? আজ এই পর্যায়ে এসেছে পরিশ্রম করে। তিন বছর পর আবার দলে ঢুকল। এখন দেখা যাক।’এখনো যেখানেই থাক মায়ের সঙ্গে প্রতি রাতে কথা বলেন নাজিম। মা-ও খোঁজখবর করেন ছেলের ব্যাটিংয়ের, ‘আমি সব সময় ওর ক্রিকেটের খোঁজখবর রাখি। দোয়া করি, আল্লাহর কাছে। টেলিভিশনে ছেলের খেলাও দেখি।’ একটা সময় নাজিমের মনে সংস্কার ছিল, বাসার লোকজন খেলা দেখতে বসলে ওই ম্যাচে খারাপ করেন। সেই সংস্কার এখন ঝেড়ে ফেলেছেন নাজিম, ‘একসময় ওটা মনে হতো। এখন এসবে কিছু যায়-আসে না।’ নাজিমের হাতে চট্টগ্রাম টেস্টের টিকিট তার প্রমাণ। নাজিমের মাথায় টেস্ট ক্যাপ দেখার প্রত্যাশায় আজ পরিবারের অনেক সদস্য মাঠে যাবেন। নূরনাহার বেগম টিভিতেই ছেলের খেলা দেখবেন।নাজিমউদ্দিন প্রস্তুত। যদি ঘরের মাঠে টেস্ট অভিষেক হয়, তাহলে চট্টগ্রামেরই ছেলে তামিমের সঙ্গে তিনি ব্যাটিং সূচনা করবেন।