নাজিমউদ্দিনের সেঞ্চুরিতে আরও এগিয়ে চট্টগ্রাম
আইসিএল থেকে ফিরে রান করেই নির্বাচকদের দৃষ্টি কাড়তে চেয়েছিলেন। জাতীয় লিগে রানের মধ্যেই আছেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। গত ৫ ফেব্রুয়ারি এই ঢাকার বিপক্ষেই করেছিলেন ডাবল সেঞ্চুরি। তাঁর ২০৫ রানের সৌজন্যে চট্টগ্রাম ড্র করেছিল ওই ম্যাচে। কালও সেঞ্চুরি করলেন, প্রতিপক্ষ সেই ঢাকা।তাঁর ১৩৬ রানের কল্যাণে খুলনায় চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩২৫ রান। এ জন্য তাদের খোয়াতে হয়েছে ৮ উইকেট। তৃতীয় দিন শেষে ২৫ রানে ব্যাট করছেন ইলিয়াস সানি। ঢাকার চেয়ে এখনো তারা ৩৯৮ রানে এগিয়ে। জাতীয় লিগে কালকের ঘটনা বলতে একটাই—নাজিমউদ্দিনের সেঞ্চুরি। বৃষ্টির কারণে পুরো দিন খেলা হয়নি বিকেএসপিতে। সেখানে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২১ রান তুলতেই তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যায়। আগের দিনের ১ উইকেটে ৫০ রান নিয়ে ব্যাট করতে নেমে আর ৫ উইকেট হারিয়ে তোলে ১৭১ রান। সর্বোচ্চ ৭৬ রান করে আউট হন সাব্বির রহমান। রাজশাহীর ওপেনার জহুরুল করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান। ডলার ও সৈয়দ রাসেল নিয়েছেন ২টি করে উইকেট। খুলনায় দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে একটু বিপদেই পড়ে যায় চট্টগ্রাম। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজিমউদ্দিন। মিডল অর্ডারে খেলতে নামা ফয়সাল হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ১২৩ রানের জুটি। নাদিফ চৌধুরীর বলে রনি তালুকদারের হাতে ক্যাচ হওয়ার আগে নাজিমউদ্দিন ২১৪ বলে করেন ১৩৬ রান। ১২টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। ১১৯ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৯ করেন ফয়সাল। ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল সফল না হলেও বোলিংয়ে কাল ভালোই করেছেন। ৮ ওভারে ১ মেডেনসহ ৩২ রানে নিয়েছেন ২টি উইকেট। রনি ও নাদিফ নিয়েছেন সমান ২টি করে উইকেট। তালহা ও মোহাম্মদ শরীফের উইকেট ১টি।