নাটক এবার শুরুতেই
তাঁকে দেখে মনে হচ্ছিল, ফাঁসির রায়ের অপেক্ষায় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি। না, ঠিক দাঁড়িয়ে ছিলেন না। মাঠের পাশে পেতে রাখা চেয়ারগুলোর একটিতে গিয়ে বসেছেন। প্যাড তখনো পায়ে। মুখে রাজ্যের অন্ধকার। হতাশায় মুখও ঢাকছেন।শেষ পর্যন্ত তাঁর ৭২ রানের ইনিংসটাই ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে রোহিত শর্মাকে। তার পরও এমন অপরাধীর ভঙ্গিতে রোহিত বসে ছিলেন, দলকে বিপদ থেকে উদ্ধার করে আবার বিপদেই ফেলে আসায়। মাত্র ২১২ রান তাড়া করতে গিয়ে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৮৩ আর অষ্টম উইকেটে বিনয় কুমারের সঙ্গে ৪২ রানের দুটি জুটি গড়ে ভারতকে একদম জয়ের প্রান্তে নিয়ে গিয়েছিলেন রোহিত।৩০ বলে মাত্র ১১ রান দরকার ছিল, হাতে ৩ উইকেট। এমন সময় আউট হয়ে যান। তাঁর বিদায়ের পরের ওভারে বিনয়ও ফিরে গেলে ভীষণ চাপে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত শেষ ১১টি রানের দূরত্বই প্রায় অনতিক্রম্য হয়ে দাঁড়ায়। শেষ উইকেটে জুটি গড়ে দুই তরুণ পেসার উমেশ যাদব আর বরুণ অ্যারন ওই দূরত্ব পার করেন। পরশু কটকে এমনই নাটক হলো। টেস্ট ম্যাচের শেষটা হয়েছিল নাটকীয়তা দিয়ে। ওয়ানডে সিরিজেও শুরুটাও হলো নাটকীয়তায়। ম্যাচ শেষে রোহিত নিজেকে একরকম দুষেছেনই কাজটা শেষ করে না আসায়, ‘পরিকল্পনা ছিল ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করব। কিন্তু শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারিনি। অবশ্য এটা এখন আর বড় কোনো ব্যাপার নয়। কারণ আমরা জিতেছি।’যেকোনো সিরিজ জয় দিয়ে শুরু করতে পারা যে গুরুত্বপূর্ণ সেটাই বলছিলেন বীরেন্দর শেবাগ। ভারপ্রাপ্ত অধিনায়ক এও জানালেন, ম্যাচের পরিস্থিতি এমন রং বদলাচ্ছিল, কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করেছিলেন, ‘আমি একটা জায়গাতেই ঠায় বসেছিলাম, একদমই নড়িনি। আরও একটা নখ কামড়ানো ম্যাচে আমরা জিতলাম।’ ড্যারেন স্যামির জন্য এটা হতাশার। হতাশাটা আরও বেশি বাড়ছে তাঁরই করা ৪৯তম ওভারে দুটি চার মেরে ম্যাচটা বের করে নিয়ে গেছে ভারত, ‘সব পরাজয়ই হতাশার। এ ধরনের পরাজয় সম্ভবত আরও বেশি কষ্ট দেয়।’সেই কষ্ট ফিরিয়ে দেওয়ার উপলক্ষ ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে আগামীকালই, ভাইজাগে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এএফপি, ওয়েবসাইট।