নাটক জমিয়ে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে রেকর্ড করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ভারতের মাটিতে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার। মাত্র ১ রানের জন্য পারল না। ওয়ানডে রেকর্ডের খেরোখাতায় ২৪তম ম্যাচ হিসেবে ১ রানের জয়ের তালিকায় ঢুকে গেল কালকের জয়পুর।ম্যাচটায় এমন নাটক হবে সে আভাস ৪৩ ওভার পর্যন্ত পাওয়া যায়নি। ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা তখন হারিয়ে ফেলেছে শেষ ভরসা জ্যাক ক্যালিসকে (৮৯)। শেষ সাত ওভারে দরকার ৭৪ রান। হাতে মাত্র দুই উইকেট।ধা করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল পারনেল-স্টেইন নবম উইকেট জুটি। মাত্র ৩৮ বল খরচায় এল ৬৫ রান। দুজন খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস। ১৯ বলে ৩৫ রান করে স্টেইন যখন আউট হলেন, তখনো দক্ষিণ আফ্রিকার জয় সম্ভব ছিল। শেষ চার বলে দরকার নয় রান। পরের তিন বলে উঠল পাঁচ রান। শেষ বলে দরকার চার।কাজটা একটু সহজ হলো ওয়াইড পেয়ে। দরকার এক বলে তিন। দু রানে টাই। বল উড়ে গেল থার্ডম্যানে। শ্রীশান্তের থ্রো। পারলেন না পারনেল! দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট। তৃতীয়বারের মতো ১ রানে জিতল ভারত, দক্ষিণ আফ্রিকার এভাবে হেরে যাওয়ার অভিজ্ঞতা হলো দ্বিতীয়বার।তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যালিস। সিদ্ধান্তটাকে ভালোই মনে হচ্ছিল, যখন স্কোরবোর্ডে ১০ রান উঠতে না উঠতেই ফিরে গেলেন শচীন টেন্ডুলকার। উইকেটের দেখা খানিক বিরতির পরপরই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরই মাঝখানে ছোট-মাঝারি কিছু জুটি ভারতের স্কোরটাকে তুলে দিয়েছে প্রায় তিন শতে। শেষ জুটিটা বাদে সবগুলো পার্টনারশিপই দুই অঙ্ক ছুঁয়েছে। দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৭৯ রানের জুটি শেবাগ-কার্তিকের। ৫০ পেরোনো জুটি আর একটাই, পঞ্চম উইকেটে কোহলি-রায়নার ৬৬। ভারতের ইনিংসেও একমাত্র ফিফটি রায়নার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ শেবাগের। ৩৭ বলের ইনিংসটাতে ৩৬ রানই এসেছে চার আর ছয় থেকে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে একটা ফিফটি নিয়েও তিন শর মতো রান যে তোলা যায়, তারই উদাহরণ হয়ে থাকল ভারতের ইনিংসটা।নড়বড়ে শুরুর পরও জবাবটা ভালোই দিচ্ছিল বসম্যান-গিবসের উদ্বোধনী জুটি। বিনা উইকেটে ৫৮ তোলার পর ছয় রানের ব্যবধানে দুজনের বিদায়ে প্রথম ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো। ১৮০ রানে পড়ে গিয়েছিল সাতটি উইকেট। অষ্টম উইকেটে ক্যালিস-পারনেলের ৪৫ রানের জুটি। ক্যালিসের বিদায়ের পর পারনেল-স্টেইনের পাল্টা আক্রমণ। এবং শেষে এক রানের আক্ষেপ। ওয়েবসাইট।