নাটক জমিয়ে দিল এসপানিওল-স্পার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ অঙ্কে এসে বেশ জমে উঠল স্প্যানিশ আর ইংলিশ লিগ শিরোপা-নাটক। নাটক জমিয়ে দিয়েছে আসলে দুই লিগের মাঝারিমানের দুটি দল। স্পেনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলা বার্সেলোনাকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে একই শহরের ক্লাব এসপানিওল। আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আবার ভারসাম্য এনে দিয়েছে টটেনহাম। চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্পার্সরা। এখন রিয়ালের কাছ থেকে ধন্যবাদ পেতে পারে এসপানিওল, আর ম্যানইউর কাছ থেকে টটেনহাম। এদের কল্যাণেই যে শিরোপার আশা বেঁচে থাকল এই দুই দলের।পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকতে পারে, কিন্তু নিজেদের মাঠে এসপানিওল যে ভয় পাওয়ার মতো একটি দল, তা আগেই বলেছিলেন বার্সা কোচ পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে সত্যি হলো ওটাই। তবে এসপানিওলের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফেরা গেছে, এতেই খুশি বার্সেলোনা কোচ, ‘একটি পয়েন্ট নিতে পেরেছি, এতেই আমি খুশি। এসপানিওল খুব ভালো একটি দল। এই পয়েন্টটাকে আমি অনেক মূল্য দিচ্ছি। এই একটি পয়েন্টই ভবিষ্যতে অনেক কিছু দেবে আমাদের।’ ড্রটাকেই গার্দিওলার বড় ভাবার আরেকটা কারণ হতে পারে, ম্যাচের ৬০ মিনিটে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হওয়া। প্রথমার্ধেও একটা হলুদ কার্ড পেয়েছিলেন দানি আলভেজ, দ্বিতীয়ার্ধে দ্বিতীয় কার্ড পেয়ে তাঁকে ছাড়তে হয় মাঠ। ১১ জনের দলের বিপক্ষে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারাও কম কথা নয়!বার্সা-এসপানিওল কাতালান ডার্বি মাদ্রিদেও খুশির বাতাস বইয়ে দিয়েছে। এই ড্র রিয়ালকে যে এনে দিয়েছে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ। কাল রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল জিতে থাকলে দুই দলের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে ১। এর আগে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট বার্সার। তবে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নেমে দাঁড়ালেও বার্সেলোনা কোচ ভেঙে পড়ছেন না, ‘আমরা রিয়াল মাদ্রিদকে আমাদের এবং তাদের মাঠে হারিয়েছি। এ মৌসুমে মাত্র একটি ম্যাচই হেরেছি। দলে সবার মানসিক অবস্থা ভালো আছে।’চেলসি কোচ কার্লো আনচেলত্তির কথা শুনে মনে হচ্ছে তিনিও গার্দিওলার মতো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেননি, ‘আমরা জানি, পরবর্তী তিনটি ম্যাচে আমাদের কী করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। তিনটি মাত্র ম্যাচ বাকি আছে, আর পয়েন্ট তালিকার শীর্ষেই আছি আমরা।’ম্যানইউর ম্যানচেস্টার সিটিকে হারানো এবং চেলসির টটেনহামের কাছে হেরে যাওয়ার পরও পয়েন্ট তালিকার শীর্ষে চেলসি। শুধু পয়েন্ট ব্যবধানই কমে দাঁড়িয়েছে ১-এ। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট চেলসির, সমান ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭৬। এই ম্যাচের আগে শিরোপা লড়াইয়ে চেলসিকে একচ্ছত্র ফেবারিট ভাবতে থাকা ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন আবার দেখছেন নিজেদের আশা, ‘মনে হচ্ছিল, আমাদের শিরোপার আশা শেষ। তবে এখন দেখছি আশা বেঁচে আছে।’চেলসিকে হারিয়ে একটা আশা বেঁচে আছে টটেনহামেরও—চার নম্বরে থেকে লিগ শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সুযোগ করে নেওয়া। ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে এখন টটেনহাম। চতুর্থ স্থান পাওয়ার লড়াইয়ে স্পার্সদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি পরশু ম্যানইউর কাছে হেরে পড়ে গেছে পেছনে। ৩৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। এএফপি।