নাটক দিয়ে শুরু ঘরোয়া হকি
খেলা শুরু হতে তখনো মিনিট দশেক বাকি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এক পাশে গা ঘামিয়ে নিতে দেখা গেল আবাহনী খেলোয়াড়দের। এটা শেষ হলেও তাঁদের মাঠে ঢোকার কোনো আগ্রহ দেখা গেল না। আগ্রহ দেখা যাচ্ছিল না বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দেরও। প্রায় ২১ মাস পর ক্লাব কাপ দিয়ে শুরু হতে যাওয়া ঘরোয়া হকির প্রথম দিনেই ভজকট। বিদ্যুতের অভাবে পানি তুলতে না পারায় হকি টার্ফ ভেজানো যাচ্ছিল না। খেলাও শুরু করতে দেরি করছিলেন আয়োজকেরা। শেষ পর্যন্ত নির্ধারিত দুটি ম্যাচের একটি বাতিল করে তবেই শুরু হয় ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকি। মোহামেডান-অ্যাজাক্সের কালকের ম্যাচটি হবে আজ, এ অনুযায়ী পুরো সূচিই যাবে পিছিয়ে। শুরুর আগে কারা আগে খেলবে, এটা নিয়ে আবাহনী-মোহামেডান কর্মকর্তারা করলেন নাটক। আবাহনী বলে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমাদেরই রয়েছে প্রথম ম্যাচ খেলার অধিকার। পরক্ষণেই মোহামেডান হাজির করে অন্য যুক্তি, সময়ানুযায়ী আমাদেরই এখন খেলার কথা। এর পর বাইলজ অনুযায়ী প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীই খেলল প্রথম ম্যাচ, খেলল চ্যাম্পিয়নদের মতোই। অধিনায়ক আসাদুজ্জামানের (চন্দন) হ্যাটট্রিকে কাল তারা ৭-১ গোলে উড়িয়ে দিল পুলিশকে। আবাহনীর ৭টি গোলের ৬টিই এসেছে পেনাল্টি কর্নার থেকে। এর সবগুলোই করেছেন আসাদুজ্জামান। শুধু তা-ই নয়, ৭টি পেনাল্টি কর্নারের ৫টিকেই গোলে পরিণত করেছেন তিনি। প্রথমার্ধে আবাহনী এগিয়ে ছিল ৫-১ গোলে। আবাহনীর বাকি গোলটি করেছেন হাসান জুবায়ের। পুলিশের সান্ত্বনাসূচক গোলটি রানার।আবাহনীর পেনাল্টি বিশেষজ্ঞ মামুনুর রহমান (চয়ন) এবার দলবদলে চলে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে। তাঁর অভাবটা প্রথম ম্যাচে অন্তত বুঝতে দেননি জাতীয় দলের ডিফেন্ডার আসাদুজ্জামান। ম্যাচ শেষে বললেন, ‘আমি এর আগেও পেনাল্টি কর্নার নিয়েছি। তবে এবার যখন বুঝলাম চয়ন নেই, আমাকেই ওই জায়গাটা পূরণ করতে হবে। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করতাম। প্রথম ম্যাচেই গোল পেয়ে দারুণ খুশি লাগছে।’বিকেএসপির তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া আবাহনী দলে অভিজ্ঞ বলতে মাত্রই দুজন—আসাদুজ্জামান ও সদ্যই জাতীয় দল থেকে অবসরে যাওয়া মশিউর রহমান (বিপ্লব)। বাকি খেলোয়াড়েরা বেশির ভাগই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা সামনে রেখে অনুশীলন চালিয়ে যাওয়া এবং ক্লাব কাপে ভালো করা—দুটো চ্যালেঞ্জই নিচ্ছেন কোচ কাওসার আলী। কালকের ম্যাচে পুরো ৩ পয়েন্ট পেয়ে দারুণ খুশি তিনি, ‘জিতে ভালোই লাগছে। তবে এই ম্যাচে আরও কিছু পরিকল্পনা ছিল। সেগুলো ঠিকমতো বাস্তবায়ন করতে পারলাম না।’ এই দল নিয়ে লিগে কতদূর যেতে পারবেন? উত্তরে জানালেন, ‘আমি এখনই প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছি না। আপাতত ক্লাব কাপের ফাইনালই আমার লক্ষ্য।’