নাটক নাটক...মহানাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেমিফাইনালে যাওয়ার ঐতিহাসিক একটা সুযোগ আমাদের এসেছিল, একটা পেনাল্টি পেয়েছিলাম। পুরো ম্যাচেও আমরা সুযোগ বেশি পেয়েছি, কিন্তু পারলাম না...এটুকুই শুধু বলতে পারি, এটাই ফুটবল!’—ম্যাচ শেষে ঘানার সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাচ যেন দার্শনিক হয়ে গেলেন। সেমিফাইনালে এক পা দিয়েও যেভাবে ছিটকে পড়ল তাঁর দল, এরপর তিনি আর কি-ইবা বলতে পারেন!কতটা বিস্ময়ই না উপহার দিতে পারে একটি ফুটবল ম্যাচ! আক্রমণ-পাল্টা আক্রমণ, অসংখ্য সুযোগ সৃষ্টি করেও পুরো ম্যাচে একটির বেশি গোল করতে পারল না দুদল। খেলা যখন টাইব্রেকারে গড়ানো প্রায় নিশ্চিত, তখন হঠাৎ করেই দারুণ এক সুযোগ পেয়ে গেল ঘানা। অতিরিক্ত ৩০ মিনিটেরও ইনজুরি সময়ে পেনাল্টি পেয়ে গেল ঘানা। উরুগুয়ের বক্সে জটলার মধ্যে ঘানার একজনের নেওয়া কিক ফিরিয়ে দিয়েছিলেন উরুগুয়ের গোলকিপার। ফিরতি বলে আবার ঘানার আরেকজনের হেড, গোলকিপার তখন মাটিতে শুয়ে, গোল বাঁচাতে গোললাইনে দাঁড়ানো লুইস সুয়ারেজের একটি উপায়ই ছিল, হাত দিয়ে ফেরানো। এই স্ট্রাইকার তা-ই করলেন। অবধারিতভাবে সুয়ারেজ দেখলেন লাল কার্ড, ঘানা পেল পেনাল্টি।পেনাল্টি নিতে এলেন আসামোয়া জিয়ান, প্রথম দুই ম্যাচে যার দুটি পেনাল্টি গোলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। কিন্তু নিজ হাতে (কিংবা পায়ে) ইতিহাস গড়ার সুযোগটাই কি নার্ভাস করে তুলল তাঁকে! মারলেন উঁচিয়ে, বল ক্রসবারে লেগে বাইরে চলে গেল। আর শেষ মুহূর্তে সব হারানোর বেদনায় প্রায় নীল হয়ে যাওয়া উরুগুয়ে পেল নতুন জীবন। টাইব্রেকারে অবশ্য গোল করেছেন জিয়ান। কিন্তু তাঁর ওই পেনাল্টি মিসেই ঘানার আত্মবিশ্বাসে বড় একটা ধাক্কা লাগল কি না কে জানে, টাইব্রেকারে ব্যর্থ হলেন ঘানার ডিফেন্সে আস্থার মূর্ত প্রতীক ও অধিনায়ক জন মেনশা ও তরুণ দোমিনিক আদিয়াহ। দুজনেরই দুর্বল দুটি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়েছেন উরুগুয়ের গোলকিপার ফার্নান্দো মুসলেরা। ম্যাক্সিমিলানো পেরেইরার মিসটা তাই ভোগায়নি উরুগুয়েকে। সেবাস্তিয়ান আব্রুইয়ের বুদ্ধিদীপ্ত কিকটা জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ৪০ বছর পর আবার উঠে যায় সেমিফাইনালে।এর আগে দুদলই সুযোগ পেয়েছে অনেক, কিন্তু কাজে লাগাতে পারেনি। ঘানার একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ইনজুরি সময়ে। প্রায় ৩৫ মিটার দূর থেকে বল জালে জড়িয়ে ঘানাকে এগিয়ে দেন সুলে মুনতারি। সেই মুনতারি, দুই হলুদ কার্ডের খাঁড়ায় আন্দ্রে আইয়ু বাদ না পড়লে যাঁর খেলাই হতো না। শুধু তা-ই নয়, কোচ ও ফুটবল ফেডারেশনের সঙ্গে বিবাদে গত সপ্তাহে যাকে দেশেই ফেরত পাঠানো হচ্ছিল প্রায়। পিছিয়ে থাকা উরুগুয়ের ত্রাতা হয়ে আসেন আরও একবার ডিয়েগো ফোরলান। ৫৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান ফোরলান।জয়ের জন্য উরুগুয়েকে অভিনন্দন জানিয়ে ঘানা কোচ বলেছেন, ‘ভাগ্য ওদের সাথে ছিল।’ এমনিতে ভাগ্যে খুব একটা বিশ্বাস নেই উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের, কিন্তু পরশু ভাগ্য বলে কোনো জিনিস যে তাঁদের সঙ্গে ছিল এটা অস্বীকারও করতে পারছেন না, ‘আমরা খুব বেশি ভালো খেলতে পারিনি, প্রতিপক্ষ ছিল দারুণ কঠিন। আমরা সৌভাগ্যবান। ভাগ্যটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর বেশি কিছু আমি ঠিক বলতে পারছি না। যারা ভাগ্যে বিশ্বাস করে তারা হয়তো এর ব্যাখ্যা দিতে পারবে। আমি এসবে বিশ্বাস করি না।’ তবে এসব ভেবে সময়ও নষ্ট করতে রাজি নন তাবারেজ, দলের অভাবিত সাফল্যে ভেসে যাচ্ছেন আনন্দে, ‘আমি এই দলের কোচ, আমি গর্বিত.....আশা করি, আগামী তিন-চার দিনেও পার্টি শেষ হবে না!’ এএফপি।