নাটক শেষে ক্রুইফই আসছেন
নাটকের আপাত অবসান। বাফুফের কঠোর অবস্থানে রাতারাতি পাল্টে গেছেন লোডভিক ডি ক্রুইফ। উদ্ভট সব শর্ত ছেড়ে এসেছেন সোজা পথে। মানে, চ্যালেঞ্জ কাপে ১২ দিনের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন তিনিই। ২২ ফেব্রুয়ারি সহকারী রেনে কোস্টারকে নিয়ে ঢাকায় আসার তারিখটাও অপরিবর্তিতই রেখেছেন ডাচ কোচ।এটাকে ‘সুখবর’ বলে কাল জনাকীর্ণ সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য শুরু করলেন বাফুফের সভাপতি সালাউদ্দিন, ‘শুনে খুশি হবেন, কোচের সঙ্গে চ্যালেঞ্জ কাপের জন্য আমাদের ফাইনাল চুক্তিটা হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।’সমস্যা হয়েছিল কোচ যখন শর্ত দিয়েছেন, চ্যালেঞ্জ কাপে তিনি না এলে সহকারী রেনে আসবেন। রেনে না এলে অন্য কাউকে পাঠাবেন। চুক্তিটা বাফুফে বাতিল করতে পারবে না, কিন্তু তাঁরা পারবেন। ১২ দিন কাজ করে পুরো এক মাসের বেতন অগ্রিম দিতে হবে। চ্যালেঞ্জ কাপে পরের রাউন্ডে উত্তরণ সাপেক্ষে ঘোষিত বোনাসের টাকাও অগ্রিম চেয়েছিলেন কোচ!দুই পক্ষের চূড়ান্ত সমঝোতায় অগ্রহণযোগ্য এই শর্তগুলোর সবই বাতিল। সোজা কথায়, বাফুফের চাওয়াই মেনে নিয়েছেন কোচ। তবে কোচের দাবি মেনে ১২ দিনের জন্য বাফুফে এক মাসের বেতনই দিচ্ছে। বেতনের অর্ধেক কোচ ঢাকায় আসার আগেই দিতে হবে। বোনাস দ্বিতীয় রাউন্ডে গেলে তবেই। চুক্তি বাতিলের ক্ষমতা এখন দুই পক্ষের হাতেই থাকছে।এই চুক্তিটা শুধু চ্যালেঞ্জ কাপের জন্য। জুন থেকে পাকাপাকিভাবে বাংলাদেশের দায়িত্ব নিতে গত ১২ জানুয়ারি ক্রুইফ যে সমঝোতা স্মারকে সই করে গেছেন, সেটিও বহাল থাকছে। ২২ ফেব্রুয়ারি আসার পর দুই বছরের চূড়ান্ত চুক্তিটাও নাকি হয়ে যেতে পারে। তবে এ নিয়ে যা হলো, সেটিকে একটা ‘শিক্ষা’ই বলছেন সালাউদ্দিন, ‘এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখলাম। সমস্যা আসবেই। সমাধান করার জন্যই এই চেয়ারটা (বাফুফের সভাপতি) আমাকে দেওয়া হয়েছে।’কোচরা যতই নাটক করুন, সালাউদ্দিন তাঁদের পাশেই থাকলেন কাল। তাঁর কথা, ‘কথা বললেই কথা বাড়ে। পত্রিকায় আমার কমেন্টস গেলে ওরা দেখবে। কাজেই আমি এই অধ্যায়টা এখানেই শেষ করতে চাই।’ দুই কোচের প্রশংসাও করলেন, ‘একদিকে ওরা দর-কষাকষি করছে, অন্যদিকে কাজও শুরু করেছে। আগামী শুক্রবার লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ওরা এমন ফুটবলার খুঁজবে, যারা বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারে।’এর আগেও এমন উদ্যোগ নিয়েছিল বাফুফে। কিন্তু সফল হয়নি। এবার ডাচ কোচ তেমন কাউকে খুঁজে পাবেন? দেখাই যাক।