নাটকীয়তা নাকি নিষপ্রাণ ড্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউইদের নিস্তরঙ্গ ব্যাটিংয়ে এমনিতেই কমে আসছিল রোমাঞ্চ। ফুলটন-উইলিয়ামসনদের একের পর এক বল ঠেকানো আর ছাড়া ধীরে ধীরে কেড়ে নিচ্ছিল ম্যাচের প্রাণ। শেষ বিকেলের হঠাৎ বৃষ্টি আক্ষরিক অর্থেই যেন জল ঢেলে দিল উত্তেজনায়। ড্র-ই এখন চট্টগ্রাম টেস্টের সবচেয়ে সম্ভাব্য ফল। ফলের মুখ দেখতে হলে আজ চাই মহানাটকীয় কিছু! সংবাদ সম্মেলনে এসে সেই নাটকীয় কিছুর আশাবাদ শুনিয়ে গেলেন সোহাগ গাজী ও ট্রেন্ট বোল্ট।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৪৬৯ করেছে ১৫৭.১ ওভার খেলে। বাংলাদেশ ৩২ রান বেশি করেছে ৮.২ ওভার কম খেলেই। নিউজিল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামল, ম্যাচে বাকি তখন চার সেশনের কিছু বেশি। বল ছিল তাই কিউইদের কোর্টে, ম্যাচটিকে প্রাণবন্ত করার দায়িত্বটি ছিল তাদের। হামিশ রাদারফোর্ড নিজের সহজাত ব্যাটিংয়ে রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। কিন্তু বাঁহাতি ওপেনার বিদায় নেওয়ার পর থেকেই স্কোরের চাকা ঘুরছিল শম্বুকগতিতে।

দলের প্রতিনিধি হয়ে এসে আত্মপক্ষ সমর্থন করলেন বাঁহাতি পেসার বোল্ট, ‘এমন মন্থর উইকেটে দ্রুত রান করা কঠিন। আর বাংলাদেশের স্পিনাররাও নিখুঁত, রান করার সুযোগ খুব বেশি দেয় না।’ নিউজিল্যান্ডের দিক থেকে ভাবলে, বোল্টের যুক্তিকে আমলে নিতেই হবে। ‘বৃহত্তর ক্রিকেটীয় স্বার্থ’ ভাবার চেয়ে নিজেদের নিরাপদ জায়গায় নেওয়াটাই নিশ্চয়ই তাদের ভাবনায় আগে থাকবে। স্পিনে অনভ্যস্ত ব্যাটসম্যানদের পক্ষে এই মন্থর উইকেটে তিন স্পিনারের বিপক্ষে শট খেলে যাওয়া যথেষ্টই কঠিন। তবে আরেক দিক থেকে ভাবলে, টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জই তো এটি! ঝুঁকি নিতে না জানলে কিছু পাওয়ার আশাও কঠিন। ৪০ ওভার বোলিংয়ে আরও দু-তিনটি উইকেট বেশি না দেওয়ার দায় দেওয়াই যায় বাংলাদেশের বোলারদের। তবে প্রতিপক্ষ চ্যালেঞ্জ না নিলে অনেক সময় আরেক দলের করার কিছু থাকে না। বিশেষ করে যে উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু নেই।

সোহাগ গাজী অবশ্য তার পরও আশার বিপরীতে আশার কথাই শুনিয়ে গেলেন, ‘ব্যাটসম্যান আউট হতে না চাইলে, সোজা ব্যাটে খেলতে থাকলে এখানে আউট করা মুশকিল। তার পরও আমরা কাল (আজ) জয়ের জন্য মাঠে নামব। চেষ্টা করব ওদের যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করার।’

মনে যা-ই থাকুক, মুখে অন্তত ম্যাচে ফলাফলের সম্ভাবনা উড়িয়ে দিলেন না বোল্ট, ‘এখনো একটি দিন বাকি, ম্যাচে ফলাফলের সম্ভাবনা খুব ভালোভাবেই আছে। সকালে উইকেট, কন্ডিশন ও পরিস্থিতি বুঝে আমরা এগোব। আশা করি আবহাওয়া বাধা হবে না, ম্যাচে আমরা ফল দেখব।’

সাইক্লোন ফাইলিনের প্রভাবে বৃষ্টির শঙ্কা তো আছেই। খেলা হলেও আছে শঙ্কা—নিরাপত্তার খোলস থেকে বেরিয়ে কি চ্যালেঞ্জ নেবে কিউইরা? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে ম্যাচে ফল হওয়ার সম্ভাবনা।