নাটকীয় উত্থান, অবিশ্বাস্য পতন
২ এপ্রিল ২০১১। এদিন মুম্বাইয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচেছিল ভারতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচু করে ধরে ক্রিকেট-বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা।ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি হলো আজ। নাটকীয়ভাবে তরতর করে সফলতার সিঁড়ি বেয়ে উঠে যেভাবে বিশ্ব জয় করেছিল ভারতীয় দল, দলটির পতনও ঘটেছে ঠিক তেমনই অবিশ্বাস্য দ্রুতগতিতে। বিশ্বকাপ জয়ের এক বছর পর সেই ভারতই এখন হতাশাগ্রস্ত, সমস্যাক্রান্ত, জরাজীর্ণ একটি দল। বিশ্বকাপ জয়ের উন্মাদনার রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ড সফরে যায় ভারতীয় দল। এখান থেকেই পতনের শুরু। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হয় ভারত। হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয় অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজেও।অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। ধোনিদের ব্যর্থতার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে ফাইনালেই ওঠা হয়নি বিশ্বজয়ী ভারতের।বিশ্বকাপ জয়ের এক বছরে ভারতীয় দলের প্রাপ্তি বা অর্জন কী? প্রাপ্তির খাতা শূন্য বলাটা হয়তো ঠিক হবে না; তবে এ প্রশ্নে ভারতীয় ভক্তরাও হুট করে কোনো উত্তর দিতে পারবেন কি না, সংশয় থেকেই যায়। সূত্র: ওয়েবসাইট।