নাটকীয় জয় মুম্বাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ ঝুঁকে ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের দিকে। তবে এক ওভারেই চার-ছয়ের তাণ্ডব চালিয়ে নাটকীয়ভাবে ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানসকে উপহার দিলেন আম্বাতি রাইডু ও রবিন পিটারসন।জয়ের জন্য ১৬৯ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। একপর্যায়ে লক্ষ্য দাঁড়ায় ১২ বলে ৩২ রান, যা ছিল অনেক দুরূহ। জয় নিশ্চিত ভেবে পাঞ্জাব হয়তো তখন উদযাপনে মেতে ওঠার অপেক্ষায়। কিন্তু চোখের পলকে বদলে গেল সবকিছু। পাঞ্জাবকে হতাশায় ডুবিয়ে মুম্বাই জিতল ৪ উইকেটে।৪, ৪, ৬, ১, ৬, ৬—১৯তম ওভারে মুম্বাইয়ে ২৭ রান এনে দেন আম্বাতি রাইডু ও রবিন পিটারসন। ২৭ রানের মধ্যে পিটারসনের সংগ্রহ ১৫ রান, রাইডুর ১২। ওই এক ওভারেই জয়ের অনেকটাই কাছে পৌঁছে যায় মুম্বাই।শেষ ওভারে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ৫ রান। সহজ লক্ষ্যটা মুম্বাই অতিক্রম করে সহজেই। দলের জয় নিশ্চিত করে রাইডু ১৭ বলে ৩৪ এবং পিটারসন ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।মুম্বাইয়ের জয়ের পেছনে অবশ্য জেমস ফ্রাঙ্কলিন, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার অবদান উল্লেখ না করলেই নয়। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন ফ্রাঙ্কলিন ও টেন্ডুলকার। ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফেরেন ফ্রাঙ্কলিন। টেন্ডুলকার ও শর্মার সংগ্রহ যথাক্রমে ৩৪ ও ৫০ রান।এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরুটা অবশ্য ভালো হয়নি দলটির। ৭৯ রানেই তিনটি উইকেট হারায় দলটি। তবে এর পর ডেভিড হাসি ও ডেভিড মিলারের ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৬৮ রান। হাসি ৬৮ ও মিলার ৩৪ রানে অপরাজিত থাকেন। সূত্র: ওয়েবসাইট।