নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপশন: খেলার একেবারে শেষমুহূর্তে পেনাল্টি পেয়ে গিওর্গস সামারাস দলকে উপহার দিলেন জয়সূচক গোলটি। ছবি: রয়টার্স
ক্যাপশন: খেলার একেবারে শেষমুহূর্তে পেনাল্টি পেয়ে গিওর্গস সামারাস দলকে উপহার দিলেন জয়সূচক গোলটি। ছবি: রয়টার্স

আর মাত্র কয়েকটা সেকেন্ড কাটিয়ে দিতে পারলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে যেত আইভরিকোস্ট। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে পেনাল্টি পেয়ে গেল গ্রিস। রেফারির সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, সেটা নিয়ে হয়তো অনেক বিতর্কই চলবে ফুটবল বিশ্বে। আর এই বিতর্কিত পেনাল্টিতেই কপাল পুড়ল দিদিয়ের দ্রগবাদের। শেষমুহূর্তের পেনাল্টি থেকে গোল পেয়ে ২-১ ব্যবধানে জিতে গেল গ্রিস। প্রথমবারের মতো পা রাখল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।

আইভরিকোস্টের জন্য হিসেবটা সহজই ছিল। ‘সি’ গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়া যদি জাপানকে হারিয়ে দিতে পারে তাহলে শুধু ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারবে আফ্রিকার দেশটি। ৮২ মিনিটে কলম্বিয়ার ৩-১ গোলে এগিয়ে যাওয়ার খবরে তাই হয়তো নির্ভারই ছিলেন আইভরিকোস্টের সমর্থকেরা। তখনও নিজেদের খেলায় ছিল ১-১ গোলের সমতা। নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন পরিবর্তন হলো না। কিন্তু সব সমীকরণ পাল্টে গেল অতিরিক্ত তিন মিনিটের খেলায়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পেয়ে গেল গ্রিস। ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগটা হাতছাড়াও করলেন না গিওর্গস সামারাস। ২-১ গোলের জয় দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রাখল গ্রিকরা। টানা তৃতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো আইভরিকোস্টকে।

অথচ পুরো খেলা দেখে মনে হয়েছিল ভাগ্যদেবী যেন হাসছেন আইভরিকোস্টের দিকে তাকিয়ে। গ্রিক ফুটবলারদের তিনটি জোড়ালো শট ফিরে এসেছিল আইভরিকোস্টের গোলপোস্টে লেগে। প্রথমটি ৩৩ মিনিটে। হোসে হোলেবাস গোলবঞ্চিত হয়েছিলেন গোলপোস্টে শট মেরে। ৬৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন গিওর্গিস কারাগুনিস। কিন্তু তাঁর শট ফিরে আসে গোলপোস্টে লেগে। ৮০ মিনিটে গ্রিক ডিফেন্ডার ভাসিলিস তোরোসিদিসের শটও আঘাত হানে গোলপোস্টে। কিন্তু শেষমুহূর্তে পেনাল্টিটা পেয়ে সব আফসোস-আক্ষেপ দূর হয়ে গেছে গ্রিস সমর্থকদের।
গ্রিস প্রথম গোলটি পেয়েছিল ৪২ মিনিটে। গোল করেছিলেন আন্দ্রেয়াস সামারিস। ৭৪ মিনিটের মাথায় এই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন আইভরিকোস্টের স্ট্রাইকার উইলফ্রেড বনি।
‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে কলম্বিয়াকে অবশ্য এত হিসেব-নিকেশের মধ্যে যেতে হয়নি। প্রথম দুইটি ম্যাচ জিতেই নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল লাতিন আমেরিকার দেশটি। আজ জাপানকেও তারা উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।
১৭ মিনিটে কলম্বিয়ার পক্ষে প্রথম গোলটি করেছিলেন হুয়ান কুয়াদ্রাদো। প্রথমার্ধের শেষমুহূর্তে এই গোল শোধ করে জোর লড়াইয়ের ইঙ্গিতই দিয়েছিলেন জাপানের স্ট্রাইকার শিনজি ওকাজাকি। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্লু সামুরাইদের কোনো সুযোগই দেয়নি কলম্বিয়া। ৫৫ ও ৮২ মিনিটে দুইটি গোল করেছেন জ্যাকসন মার্টিনেজ। ৮৯ মিনিটে চতুর্থ গোলটি এসেছে জেমস রদ্রিগেজের পা থেকে।
এখন শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়াকে খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে। গ্রীসের প্রতিপক্ষ কোস্টারিকা।