নাটকীয় জয়ে শেষ আটে মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোড়ালির চোটের কারণে খেলা নিয়েই ছিল সংশয়। তবে অ্যান্ডি মারে সেই ব্যথা নিয়েই খেললেন। খেলে প্রথম দুই সেট হেরে গেলেও এরপর দুর্দান্তভাবে শুধু ফিরেই এলেন না, সার্বিয়ান ভিক্টর ট্রয়কিকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে উঠে গেলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।সোমবার আলোকস্বল্পতায় যখন খেলা বন্ধ হলো, ২-২ সেটে সমতা ছিল। কাল পঞ্চম সেটের শুরুতেই আবারও পিছিয়ে পড়লেন মারে। ২-৫-এ পিছিয়ে খাদের একেবারে কিনারে চলে গেলেন ব্রিটিশ টেনিস তারকা। আরেকটি গেম জিতলেই কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান ভিক্টর ট্রয়কি! কিন্তু নাটকের তখনো বাকি। পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ফিরে আসার অভাবনীয় নজির আবারও দেখল টেনিস। টানা পাঁচ গেম জিতে শেষ আটে চলে গেলেন চতুর্থ বাছাই মারে।আজ শেষ আটে মারের প্রতিপক্ষ অবাছাই আর্জেন্টাইন হুয়ান ইগনাসিও চেলা। অন্য কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই নাদাল খেলবেন পঞ্চম বাছাই সোদারলিংয়ের বিপক্ষে। বাই পেয়ে সেমিফাইনালে যাওয়া জোকোভিচের সঙ্গী হলেন রজার ফেদেরার। তিনি কাল শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের মনফিলসকে ৬-৪, ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন।মহিলা এককে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছেন শীর্ষ তিন বাছাই। কাল বিপদে পড়ে গিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন শিয়াভোনেও। শেষ আটের লড়াইয়ে রুশ টিনএজার পাভলিউচেঙ্কোভাকে ১-৬, ৭-৫, ৭-৫ গেমে হারাতে সংগ্রাম করতে হয়েছে ইতালিয়ান পঞ্চম বাছাইকে। সেমিফাইনালে ইতালির প্রথম গ্র্যান্ড স্লামজয়ী মহিলা খেলোয়াড়ের প্রতিপক্ষ কুজনেতসোভাকে ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে হারানো ফ্রান্সের বারতোলি।আজ মহিলা এককের শেষ আটে চীনের লি না বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার ও মারিয়া শারাপোভা জার্মানির আন্দ্রিয়া পেটকোভিচের বিপক্ষে খেলবেন। সপ্তম বাছাই শারাপোভা অধরা ফ্রেঞ্চ ওপেন জয়ে দুর্দান্তভাবেই এগিয়ে চলেছেন। পরশু পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে হারিয়েছেন একবার করে উইম্বলডন (২০০৪), ইউএস ওপেন (২০০৬) ও অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮) জেতা শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন জয় করলেই দশম মহিলা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ হবে তাঁর। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।