নাটকীয় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের আশা ছিল না। দক্ষিণ আফ্রিকা সে চেষ্টাও করেনি। একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক মাটি কামড়ে দিনভর উইকেটে পড়ে থাকা। ধৈর্যের সেই সাগর প্রায় পাড়ি দিয়ে একেবারে তীরে এসে তরি ডুবল দক্ষিণ আফ্রিকার। কেপটাউনে কাল রায়ান হ্যারিসের বলে যখন দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান মরনে মরকেলের স্টাম্প ছড়িয়ে গেল, ড্র মাত্র ২৭ বল দূরে। ওই আফসোসটুকু নিয়েই ২৬৫ রানে অলআউট হয়ে গেল গ্রায়েম স্মিথের দল। স্কোরকার্ডে লেখা থাকবে ২৪৫ রানে অস্ট্রেলিয়ার জয়, কিন্তু আসলে তো জয়টা মাত্র ২৭ বলের! নিজের দেশে প্রায় ৫ বছর পর দক্ষিণ আফ্রিকার সিরিজ হারের মধ্যে দিয়েই শেষ হলো অধিনায়ক গ্রায়েম স্মিথের ক্যারিয়ার।
আর শেষটাও হলো কী নাটকীয়! বছর দেড়েক আগে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই অ্যাডিলেডে প্রায় একই রকম বেকায়দায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৪৩০ রানের লক্ষ্য, চতুর্থ দিন শেষে ৪ উইকেট নেই। পঞ্চম দিনে ডু প্লেসিস প্রায় অতিমানব হয়ে সেই টেস্ট বাঁচিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। অভিষেক টেস্টেই খেলেছিলেন অপরাজিত ১১০ রানের ইনিংস। কাল কেপটাউনে ৪ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার হয়েও জানপ্রাণ দিয়ে লড়েছেন ডি ভিলিয়ার্স, ডু প্লেসিস আর ডুমিনিরা। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ডুমিনি যখন আউট হয়ে যান, আরও প্রায় ২০ ওভারের মতো খেলা বাকি।
অস্ট্রেলিয়ার জয়টা কেবল সময়ের ব্যাপার ভাবছিলেন যাঁরা তাঁদের অবাক করে দিয়ে ডেল স্টেইনকে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন ভারনন ফিল্যান্ডার। প্রায় আড়াই ঘণ্টা ক্রিজে থাকা ফিল্যান্ডার খেলেছেন দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ অপরাজিত ৫১ রানের ইনিংস। জনসনের বলে একবার আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে পার বেঁচে যান ফিল্যান্ডার। মাঠের মধ্যেই এ নিয়ে কথার লড়াই জমে উঠে ফিল্যান্ডার আর অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। টেস্ট ক্রিকেট তখন তার সবটুকু রোমাঞ্চ নিয়ে উপস্থিত কেপটাউনে। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ওঠা ফিল্যান্ডার আর স্টেইনের ব্যাটে চড়ে ড্রয়ের স্বপ্ন দেখেছে দক্ষিণ আফ্রিকাও। কিন্তু প্রায় সোয়া ঘণ্টা ক্রিজে থেকে ৪৪ বলে ১ রান করে স্টেইন ফিরে যাওয়ার পরেই প্রায় শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আশা। ওই ওভারেই মরকেলকে বোল্ড করে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করেন হ্যারিস। তথ্যসূত্র: টেন ক্রিকেট।

স্কোরকার্ড
অস্ট্রেলিয়া: ৪৯৪/৭ ডি. ও ৩০৩/৫ ডি.
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৭ ও
২য় ইনিংস (লক্ষ্য ৫১১ রান)
(৪র্থ দিন শেষে ৭১/৪; ডি ভিলিয়ার্স ১৬*, অ্যাবট ১*)
রান বল ৪ ৬
ডি ভিলিয়ার্স ক হাডিন ব হ্যারিস ৪৩ ২২৮ ৬ ০
অ্যাবট ব প্যাটিনসন ৭ ৮৯ ১ ০
ডু প্লেসিস এলবিডব্লু ব স্মিথ ৪৭ ১০৯ ৫ ০
ডুমিনি ক লায়ন ব জনসন ৪৩ ৯৯ ৮ ০
ফিল্যান্ডার অপরাজিত ৫১ ১০৫ ৬ ১
স্টেইন ব হ্যারিস ১ ৪৪ ০ ০
মরকেল ব হ্যারিস ০ ২ ০ ০
অতিরিক্ত (বা ৮, লেবা ৫, ও ২, নো ৫) ২০
মোট (১৩৪.৩ ওভারে অলআউট) ২৬৫
উইকেট পতন: ৪-৬৮, ৫-৯৫, ৬-১৩৬, ৭-১৭৩, ৮-২৪৬, ৯-২৬৫।
বোলিং: হ্যারিস ২৪.৩-১৫-৩২-৪, জনসন ৩৪-১১-৯২-৩, প্যাটিনসন ২৭-১০-৬২-২ (নো ৩, ও ২), লায়ন ২২-১৭-১০-০, ওয়াটসন ৯-৬-৬-০ (নো ১), স্মিথ ১৩-৩-৪৩-১ (নো ১), ক্লার্ক ৫-২-৭-০।
ফল: অস্ট্রেলিয়া ২৪৫ রানে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজ অস্ট্রেলিয়া ২-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।
ম্যান অব দ্য সিরিজ: ডেভিড ওয়ার্নার।