নাটকীয় দিন পাল্টে দিল হিসাব
প্রথম তিন দিনের ম্যাড়মেড়ে ক্রিকেটে বিরক্ত হয়ে কাল খেলা না দেখে থাকলে বঞ্চিত হয়েছেন। উত্তেজনা, অনিশ্চয়তা, স্নায়ুচাপ, নাটকীয়তা—টেস্ট ক্রিকেট তার সব সৌন্দর্য কাল মেলে ধরেছিল মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। তৃতীয় দিন শেষেও সবচেয়ে সম্ভাব্য ফলাফল ছিল ড্র। চতুর্থ দিন শেষে নিশ্চিত, আবহাওয়া বাগড়া না দিলে মোহালি টেস্টে ফলাফল হচ্ছেই। কে জিতবে, সবচেয়ে কঠিন প্রশ্ন অবশ্য সেটাই। ভারতের প্রয়োজন ১৬১ রান, অস্ট্রেলিয়ার ৬ উইকেট। চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার সঙ্গে ভিভিএস লক্ষ্মণের ব্যাটিং করার অনিশ্চয়তা মিলিয়ে অনেকটাই এগিয়ে রাখা যায় অস্ট্রেলিয়াকে। তবে ভারতের আশা হয়ে টিকে আছেন শচীন টেন্ডুলকার। দুই বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের লক্ষ্যে নামা ভারতকে জিতিয়েছিলেন দারুণ এক অপরাজিত সেঞ্চুরি করে। তবে সেবার শতরানের উদ্বোধনী জুটি গড়েছিলেন শেবাগ-গম্ভীর, দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন যুবরাজ সিং (অপরাজিত ৮৫)। চতুর্থ ইনিংসে একা ম্যাচ জেতানো ধ্রুপদি এক ইনিংস খেলার সুযোগ এখন ‘এ যুগের ডনের’ সামনে, তেমন ইনিংস তাঁর খুব একটা নেই বলে আক্ষেপ অনেকের। প্রথম সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত বোঝা যায়নি এমন নাটকীয় একটি দিন অপেক্ষা করছে। প্রথম ইনিংসে উইকেটে আঠার মতো পড়ে থাকা শেন ওয়াটসন দ্বিতীয় ইনিংসে রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। প্রথম ২ ওভারে ১৭ রান দেওয়া ইশান্ত শর্মা দ্বিতীয় স্পেলে এসেই সব এলোমেলো করে দিয়েছেন। পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন ওয়াটসন, দুই বল পর একই শট খেলতে গিয়ে স্কয়ার লেগের হাতে ধরা পড়েন পন্টিং। পরের বলেই শর্ট মিড উইকেটের হাতে ধরা পড়ে হাঁটা শুরু করেন মাইকেল ক্লার্ক, কিন্তু তাঁকে থামান আম্পায়ার বিলি বাউডেন। তৃতীয় আম্পায়ারের কাছে শুনে সিদ্ধান্ত দেন—নো বল!ক্লার্ক অবশ্য ৮ বল পরই আউট। ইশান্তের সঙ্গে জহির, হরভজন, ওঝাও জ্বলে উঠলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯২ রানে। ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২১৬ রানের।হিলফেনহসের সৌজন্যে পাল্টা আঘাত হেনেছে অস্ট্রেলিয়াও। প্রথম ওভারেই গম্ভীরকে ফিরিয়ে দেওয়ার পর দারুণ দুটি বাউন্সারে আউট করেছেন শেবাগ-রায়নাকে। মাঝে প্রথম ইনিংসের ‘রিপ্লে’ দেখিয়ে বলিঞ্জারের শিকার দ্রাবিড়।দিনের নাটকীয়তা হয়তো ছুঁয়ে গিয়েছিল আম্পায়ারদেরও। না হলে তাদের পারফরম্যান্সেও কেন এত ওঠানামা থাকবে! দারুণ কিছু সিদ্ধান্ত যেমন তাঁরা দিয়েছেন, তেমনই দৃষ্টিকটুভাবে বাজে আউট দিয়েছেন মাইক হাসি, গৌতম গম্ভীরকে। তৃতীয় আম্পায়ারের কাছ থেকে শুনে নো বল দেওয়া, সেটাই বা কবে হয়েছে আগে? সূত্র: নিও ক্রিকেট, ওয়েবসাইট।