দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলের অধিনায়ক আয়েশা ম্যাচ শেষে অঝোরে কেঁদে চলেছে। সতীর্থদের শত সান্ত্বনায়ও কাজ হচ্ছে না। ওয়ালটন জাতীয় মহিলা হকির ফাইনালে তাদের টাইব্রেকারে (৩-১) হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল। গত বছর এই নড়াইলের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল দিনাজপুর। প্রতিশোধটা নেওয়া হলো না আয়েশাদের। সেই দুঃখেই হয়তো এই কান্না।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলা দিনাজপুর তিন মিনিটেই এগিয়ে গিয়েছিল রিমুর গোলে। পিছিয়ে থাকা নড়াইল তখন গোল শোধে মরিয়া। ৩৭ মিনিটে গোল একটা পেয়েও গিয়েছিল। কিন্তু আম্পায়ার সেলিমের ভুলে প্রথমে গোল বাতিল করা হয়। প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে আসে নড়াইলের মেয়েরা। এরপর টেলিভিশন রিপ্লেতে নিশ্চিত হওয়ার পর আম্পায়ার গোলের নির্দেশ দিলে সেটি মেনে নেয়নি দিনাজপুরের খেলোয়াড়-কর্মকর্তা। তাঁদের দাবি, ডি-বক্সের বাইরে থেকে হিট করেছে নড়াইলের শ্রাবণী। প্রতিবাদে তারাও মাঠ ছেড়ে বেরিয়ে আসে। খেলা বন্ধ থাকে মিনিট বিশেক। শেষ পর্যন্ত ফেডারেশন কর্মকর্তাদের অনুরোধে গোলটির রিপ্লে দেখেন দিনাজপুরের কর্মকর্তারা। আম্পায়ারের দ্বিতীয়বারের সিদ্ধান্ত সঠিক ছিল—টিভি রিপ্লেতে এটা নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়দের মাঠে পাঠায় দিনাজপুর। আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।পেনাল্টি শ্যুট-আউটের ৫টি হিটের ৩টি ঠেকিয়ে ম্যাচের নায়িকা নড়াইলের গোলরক্ষক শামীমা আক্তার (লিজা)। ঢাকা শিশুপার্কের নিরাপত্তা প্রহরীর মেয়ে হকিটাকে এতটাই ভালোবাসে, এখনই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে। আবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুবই খুশি লোহাগড়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এই ছাত্রী। ট্রফির পাশাপাশি জাতীয় হকির সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও গেছে নড়াইলেই। যুগ্মভাবে পেয়েছ কিমি ও নাহিদা। খেলা শেষে পৃষ্ঠপোষক ওয়ালটন দুজনকে দিয়েছে মুঠোফোন, অঞ্জনস ফ্যাশন হাউস দিয়েছে ১০ হাজার টাকার গিফট ভাউচার। ফেয়ার প্লের ট্রফি জিতেছে আনন্দময়ী স্কুল। চ্যাম্পিয়ন নড়াইল পেয়েছে ১৫ হাজার ও রানার্সআপ দিনাজপুর ১০ হাজার টাকা।