গোল হয় না গোল হয় না করতে করতে হঠাৎ করেই যেন গোলের বন্যা। ৫৬ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেওয়া প্রথম গোলটি করেছিলেন সামির নাসরি। প্রথম গোলের উদ্যাপনের রেশ গ্যালারিতে মিলিয়ে না-যেতেই দ্বিতীয় গোল! তিন মিনিটের মধ্যেই স্কোরটাকে ২-০ করে দিলেন লেসকট। এ যদি নাটকের ‘ক্লাইম্যাক্স’ হয়, খানিক বাদেই দেখা দিল ‘অ্যান্টি-ক্লাইম্যাক্স’। ৬০তম মিনিটে জার্মেইন ডিফো আর ৬৫ মিনিটে গ্যারেথ বেল—৫ মিনিটের মধ্যে দুটো গোলই শোধ করে দিল টটেনহাম! ৯ মিনিটের মধ্যে চার গোল!শেষ পর্যন্ত যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সিটিকে ৩-২-এর জয় এনে দিলেন মারিও বালোতেল্লি। ২২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরেকটু এগিয়ে গেল রবার্তো মানচিনির দল। পরের ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ৫১ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন ড্যানি ওয়েলবেক। অবশ্য ৭১ মিনিটে লিগে নিজের ১৯তম গোল করে সমতা ফিরিয়েছিলেন আর্সেনালের রবিন ফন পার্সি। ওদিকে পরশু আবার হোঁচট খেয়েছে লিভারপুল। ছয় ম্যাচে মাত্র একটা জয় পেলে যেকোনো কোচেরই মেজাজ সপ্তমে চড়বে। পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ৩-১ গোলে হারার পর শিষ্যদের এক রকম ধোপার-ধোওয়া সমালোচনা করেছেন কেনি ডালগ্লিস। লিভারপুল কোচ হুমকি দিয়েছেন, সময় এসে গেছে দল থেকে বেশ কজনকে বের করে দেওয়ার!ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ নম্বরে থাকা লিভারপুল পরশু আধা ঘণ্টার মধ্যে পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। ৩৬ মিনিটে ক্রেইগ বেলামি ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গ্রেটার স্টেইনসন স্বাগতিক দর্শকদের উন্মাতাল করে দিয়ে স্কোরটাকে ৩-১ করে ফেলেন। পরশু সবচেয়ে বড় জয়টি ফুলহামের। নিউক্যাসলকে নিজেদের মাঠে ৫-২ গোলে হারিয়েছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ক্লাবটি। এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসে ঢুকে গেছেন ক্লিন্ট ডেম্পসি। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করা প্রথম মার্কিন ফুটবলার তিনিই। ওদিকে স্প্যানিশ লিগে হ্যাটট্রিক করেছেন রাদামেল ফ্যালকাও। রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এএফপি, রয়টার্স।