নাটকীয় সমাপ্তি দেখছে সিরি ‘আ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল জুভেন্টাস। পরশু ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের ভুলে গোল খেয়ে লেচ্চের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। আর এতেই সংশয়ে পড়ে গেছে ২০০৩ সালের পর আবার তাদের স্কুডেট্টো জয়। একই দিনে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে জুভেন্টাসের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে প্রবল প্রতিদ্বন্দ্বী এসি মিলান। দুই ম্যাচ বাকি থাকতে দুই দলের ব্যবধান নেমে এসেছে ১ পয়েন্টে। ক্লদিও মারচিসিওর ৭ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল জুভ। মনে হচ্ছিল এই এক গোলেই জিতে যাচ্ছে। সিরি ‘আ’র সবচেয়ে সফল দলটি। ৮৫ মিনিটে হঠাৎই বুফন বলের নিয়ন্ত্রণ হারান, বলটাকে সোজা দিয়ে দেন লেচ্চের আন্দ্রিয়া বার্তোলাচ্চির পায়ে। বার্তোলোচ্চি গোল করতে ভুল করেননি। বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান জিতেছে সুলে মুনতারি ও রবিনহোর গোলে। মুনতারি ৯ মিনিটে ও রবিনহো ইনজুরি সময়ে গোল করেছেন। আরেক ম্যাচে ইন্টার মিলান ১-৩ গোলে হেরে গেছে পার্মার কাছে। ফলে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে তো বটেই, পঞ্চম হয়ে ইউরোপা লিগে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে গেল ইন্টারের জন্য। তাদের পরের ম্যাচটাই যে এসি মিলানের সঙ্গে। এই মিলান ডার্বিটাই সুবিধা করে দিয়েছে জুভেন্টাসের। কারণ তাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ—ক্যালিয়ারি ও আটালান্টা। মিলানের শেষ ম্যাচ নোভারার সঙ্গে।ইংলিশ পরাশক্তি চেলসি হয়তো প্রথমবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিততে পারে এ মাসেই। কিন্তু আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি জায়গা করে নেওয়াটা তাদের জন্য হয়ে পড়েছে কঠিন। পরশু প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেই বিপদে পড়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দলটি। পাপিস ডেম্বা সিসের দুই গোলেই ইউরোপে খেলার স্বপ্ন দেখাচ্ছে নিউক্যাসলকে। গত জানুয়ারিতে নিউক্যাসলে আসার পর লিগে ১২ ম্যাচে ১৩ গোল করেছেন এই সেনেগালিজ। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিউক্যাসলের, চেলসির ৬১। পরশু বোল্টনকে ৪-১ গোলে হারিয়ে টটেনহামও হাতে জমিয়েছে ৬৫ পয়েন্ট। স্পাররা এগিয়ে আছে গোল ব্যবধানে। তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। হল্যান্ডে ৩১তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে আয়াক্স আমস্টারডাম। ভিভিভি ভেনলোকে ২-০ গোল হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে একসময় ইউরোপ কাঁপানো আয়াক্স। দুটি গোলই করেছেন স্ট্রাইকার সিয়েম ডি ইয়ং। লিগের ২০ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে থাকা আয়াক্স টানা ১৩ ম্যাচ জিতে পেছনে ফেলেছে প্রতিদ্বন্দ্বীদের। রয়টার্স।