ইনিংস ঘোষণার সময় কী ভেবেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস?যথারীতি দিনের প্রথম সেশনটা খেয়ে নিয়েছে বৃষ্টি। খেলা শুরুই হলো বেলা তিনটায়। ৯৮ রান নিয়ে দিন শুরু করা ইয়ান বেল প্রথম বলেই নিলেন ১ রান, দ্বিতীয় ওভারের শেষ বলে চার মেরে ছুঁলেন ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা। পঞ্চম দিনের উইকেটেও প্রাণের ছোঁয়া তেমন নেই। চার বোলার নিয়ে একাদশ সাজানো ইংল্যান্ড চোটের কারণে হারিয়ে ফেলেছে দলের সেরা বোলার জেমস অ্যান্ডারসনকে। ইনিংস ঘোষণা করার চেয়ে ব্যাটিং অনুশীলন করাটাই ভালো হতো কি না, এ নিয়ে বেশ বিতর্ক হলো ধারাভাষ্য কক্ষে। একটাই যুক্তি পাওয়া গেল, চার-পাঁচটি উইকেট তুলে নিয়ে যদি আগামী টেস্টের জন্য মানসিকভাবে এগিয়ে থাকা যায়!দিনের খেলা তখন ৫১ ওভার বাকি। হলো না ২৫ ওভারও। না, বৃষ্টি-বাধায় আরও একবার বন্ধ হয়ে যায়নি খেলা। শ্রীলঙ্কা গুটিয়ে গেছে ৮২ রানেই! মাত্র ৯৬ রানে এগিয়ে থেকে ইনিংস ছেড়েছিল ইংল্যান্ড, এতেই জিতে গেল ইনিংস ও ১৪ রানে! ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, কিন্তু এতটা অনিশ্চিত রূপে হাজির হওয়ার ঘটনাও খুব বেশি নেই নিশ্চিত।শুরুটা করে দিয়েছিলেন ক্রিস ট্রেমলেট। নিজের প্রথম ওভারেই ফেরালেন প্রথম ইনিংসে ২৭৫ মিনিট ব্যাট করা থারাঙ্গা পারানাভিতানাকে। পরে ফিরতি ক্যাচে অধিনায়ক তিলকরত্নে দিলশানকেও। চা-বিরতির সময় ২ উইকেটে ৩৩। তখনো ভাবা যায়নি এই টেস্টের ভাগ্যে ড্র ছাড়া অন্য কিছু থাকতে পারে। ভাবালেন ট্রেমলেট, চা-বিরতির পরই তুলে নিলেন জয়াবর্ধনেকে। পরে আরেক জয়াবর্ধনেকেও। সোয়ান এসেই পটাপট ৪ উইকেট। ৩ বলে ২ উইকেট নিয়ে শেষ করলেন ব্রড। ক্রিকেট নামক খেলাটা বিস্ময় উপহার দিল আরও একবার! তথ্যসূত্র: স্টার ক্রিকেট।