নাটের গুরু ভারতীয় মিডিয়া!
অতীতের সব বৈরিতার অবসান। খোশগল্প করতে করতে মধ্যাহ্নভোজ সারছেন জর্জ বুশ ও ওসামা বিন লাদেন। তাঁদের বিনোদিত করতে গান গাইছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রেসলি—এমন একটা মুহূর্ত কল্পনা করুন তো!ধুর, এটা কী সম্ভব! যত সব গাঁজাখুরি চিন্তা—এভাবেই প্রতিক্রিয়া জানাবেন অনেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সম্ভাবনাকে বুশ-লাদেনের মধ্যাহ্নভোজের চেয়েও কম হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ক।‘আমি এক মিনিটও ভাবতে পারি না, অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার স্পট ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে। এর চেয়ে বরং এলভিসের গানের সঙ্গে বুশ ও লাদেনের মধ্যাহ্নভোজ করার বেশি সম্ভাবনা রয়েছে’—সিডনি মর্নিং হেরাল্ডে নিজের কলামে লিখেছেন স্টুয়ার্ট ক্লার্ক।তাহলে কেন হঠাত্ এমন অভিযোগ উঠল? প্রশ্নটা খোলাসাও করেছেন ক্লার্ক, ‘সব ভারতীয় মিডিয়ার কাজ। ওরা অস্ট্রেলিয়ানদের মনোযোগ বিশ্বকাপ থেকে দূরে নিয়ে যেতে চায়।’ প্রথম দুই ওভারে আসে মাত্র পাঁচ রান। ১১ ওভারে ২৮, আর ১৫ ওভার শেষে ৫৩ রান। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্রাড হাডিন ‘কচ্ছপগতিতে’ রান তোলায় এই ম্যাচে আইসিসি পাতানোর গন্ধ পাচ্ছে বলে গত বৃহস্পতিবার খবর প্রকাশ করে পিটিআই। এরপর খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিশ্বের অনেক গণমাধ্যম। ওয়েবসাইট।