
মহাকালের অংশ হয়ে যাচ্ছে আরেকটি বছর। ২০১৩ সালে কেমন গেল ক্রীড়াঙ্গন? ফিরে দেখার প্রথম পর্বে আজ থাকছে আন্তর্জাতিক টেনিস ফিরলেন, দেখলেন, জয় করলেন। আসল বাক্যটায় সামান্য পরিবর্তন আনতেই হলো। না এনে উপায় কী! চোট কাটিয়ে আবার কোর্টে ফিরবেন রাফায়েল নাদাল, এই ভাবনার লোকই খুঁজে পাওয়া কঠিন ছিল। অনেকে তো লাল দুর্গের রাজার শেষই দেখে ফেলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়নদের নিয়ে শেষ কথা বলতে নেই। নাদাল ফিরলেন তো বটেই, ফিরে এমন দাপটেই খেললেন, বছর শেষে মারে-জোকোভিচদের বড় বড় সব কীর্তিও পড়ে গেল আড়ালে। ২০১৩ সালে পুরুষ টেনিসে সেরা খেলোয়াড় কে, বিন্দুমাত্র না ভেবেই নাদালের নামটা বলে দেওয়া যায়। মেয়েদের টেনিসেও সবার সেরা প্রত্যাবর্তনের আরেক গল্প লেখা সেরেনা উইলিয়ামস। ব্রিটিশদের ৭৭ বছরের খরা ঘুচিয়ে উইম্বলডন জিতেছেন অ্যান্ডি মারে। টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জোকোভিচ। এই সার্বিয়ান জিতেছেন বছর শেষের ট্যুর ফাইনালসও। কিন্তু সবকিছুই যেন ম্লান নাদালের অর্জনে। সাত মাস ছিলেন না খেলার মধ্যে। ফেব্রুয়ারিতে ফিরলেন চিলির অখ্যাত এক টুর্নামেন্ট দিয়ে। ফাইনালে হারলেন অখ্যাত এক আর্জেন্টাইন হোরেসিও জেবালোসের কাছে। মরচে ধরা কলকবজাগুলো সারাতে অবশ্য সময় নিলেন না নাদাল। এক উইম্বলডন ছাড়া ফেব্রুয়ারি থেকে অক্টোবরের শুরু পর্যন্ত খেলা প্রতিটি টুর্নামেন্টেরই ফাইনাল খেলেছেন। দুটি গ্র্যান্ড স্লামসহ জিতেছেন ১০টি ট্রফি। অষ্টম ফ্রেঞ্চ ওপেন জিতে লিখেছেন নতুন ইতিহাস। পরে ইউএস ওপেনটা জিতে পেয়েছেন ক্যারিয়ারের ত্রয়োদশ গ্র্যান্ড স্লাম। বছরজুড়ে খেলা ৮২ ম্যাচের ৭৫টিতেই জেতা নাদাল ফিরে পেয়েছেন র্যাঙ্কিং শ্রেষ্ঠত্বও। ২০১৩ সালের ধারাটা ২০১৪ সালেও ধরে রাখলে রজার ফেদেরারের ১৭ গ্র্যান্ড স্লামের রেকর্ড নিশ্চিতই হুমকির মুখে পড়বে।
রজার ফেদেরার আবার জিতবেন গ্র্যান্ড স্লাম, বাজি ধরার লোক কোথায়? বড় চারের সবচেয়ে বড় নাম বছরজুড়েই নিজেকে হারিয়ে খুঁজেছেন। ২০০২ সালের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারেননি সুইস মহাতারকা। বড় চার এখন বড় তিন, এটা বলেই দেওয়া যায়।
মেয়েদের বিভাগে সেরেনার শীর্ষে ফেরাটা প্রত্যাশিতই ছিল। প্রাণঘাতী অসুস্থতা থেকে ফিরে ২০১২ সালে দুটি গ্র্যান্ড স্লাম জিতে ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন উইলিয়ামস বোনদের ছোটজন। এবারও দুটি গ্র্যান্ড স্লাম জয় (ফ্রেঞ্চ ও ইউএস ওপেন), খেলছেন এমন দাপটেই কে বলবে সেরেনার বয়স পেরিয়েছে ৩২। সবেচেয়ে বেশি বয়সে ১ নম্বর হওয়ার রেকর্ড গড়া এই মার্কিন তারকা ২০১৩ সালে ৮২ ম্যাচের মাত্র চারটিতেই জয় পাননি।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনটা জিতেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। উইম্বলডন গেছে হঠাৎ করেই বিদায় বলে দেওয়া মারিওন বারতোলির হাতে।
বছরটা শুধু প্রত্যাবর্তনের গল্প, কিংবা মহাকাব্যিক লড়াইতেই সীমাবদ্ধ ছিল না। বিতর্কও ছিল নিত্যসঙ্গী। ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছেন ভিক্টর ত্রয়স্কি ও মারিন চিলিচ। একের পর এক খেলোয়াড় চোটে পড়ায় বিতর্কিত হয়েছে উইম্বলডনের বিখ্যাত ঘাসের কোর্ট। সেরেনা উইলিয়ামস-মারিয়া শারাপোভার কথার লড়াইটাও কম আলোচিত ছিল না। ওয়েবসাইট।
গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন
পুরুষ মহিলা
অস্ট্রেলিয়ান ওপেন নোভাক জোকোভিচ ভিক্টোরিয়া আজারেঙ্কা
ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল সেরেনা উইলিয়ামস
উইম্বলডন অ্যান্ডি মারে মারিওন বারতোলি
ইউএস ওপেন রাফারেল নাদাল সেরেনা উইলিয়ামস
সেরা ম্যাচ
জোকোভিচ-দেল পোত্রো
উইম্বলডন সেমিফাইনাল
হাঁটুর চোট নিয়ে কোয়ার্টার ফাইনাল জেতা দেল পোত্রো উড়ে যাবেন শীর্ষ বাছাই জোকোভিচের কাছে, সবাই ভাবছিলেন এমনটাই। কিন্তু দাঁতে দাঁত কামড়ে লড়াই চালিয়ে গেছেন এই আর্জেন্টাইন। চতুর্থ সেটটা টাইব্রেকারে জিতে তো অঘটনেরই বন্দোবস্ত করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। পাঁচ সেটের মহাকাব্যিক ম্যাচটা ৭-৫, ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে জিতেছেন নাছোড়বান্দা জোকোভিচ।