নাদাল-ঘাতক জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে বসা দর্শকদের হাতে প্ল্যাকার্ড—‘ভামোস নাদাল’, ‘ভামোস জোকোভিচ’। দুই দেশেরই পতাকাও উড়ছিল। গ্র্যান্ড স্লাম ফাইনাল নয়, তার পরও পরশু এটিপি ওয়ার্ল্ড ট্যুর টেনিসে মায়ামি মাস্টার্সের ফাইনালের আবহ ছিল এমনই। টেনিস-বিশ্বের দুই সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো জোকোভিচেরই। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে জিতলেন বিশ্বের দুই নম্বর সার্বিয়ান।জোকোভিচের জয়রথ ছুটছে গত বছর ডিসেম্বর থেকেই। এই বছরে জিতলেন টানা চারটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট—অস্ট্রেলিয়ান ওপেন, দুবাই ওপেন, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স। জয়ের রেকর্ডটাও টেনে নিয়ে গেলেন ২৪-এ। এর আগে শুধু ইভান লেন্ডল ১৯৮৬ সালে জিতেছিলেন টানা ২৫ ম্যাচ। গত ডিসেম্বর থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত রইলেন নোভাক জোকোভিচ। ২০০৭-এর পর দ্বিতীয়বারের মতো মায়ামি ওপেন জেতা জোকোভিচ আরও একটি রেকর্ডের সঙ্গী হলেন। হলেন একই বছরে টানা অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স জেতা চতুর্থ খেলোয়াড়। এর আগে যে কীর্তি ছিল রজার ফেদেরার, আন্দ্রে আগাসি ও পিট সাম্প্রাসের।ফর্মের তুঙ্গে থাকা জোকোভিচ তবু ম্যাচ জিতেও উৎসবে ভেসে যেতে রাজি নন। এই জয়ধারা টেনে নিয়ে যেতে চান আরও অনেক দূরে, ‘আমার জীবনের সেরা চার মাস কাটালাম। কিন্তু মাত্রই তো শুরু হলো মৌসুম।’ যে রকম পারফরম্যান্স তাঁর তাতে কি খুব তাড়াতাড়ি টপকে যাবেন শীর্ষে থাকা স্প্যানিয়ার্ড নাদালকে? জানালেন, ‘র‌্যাঙ্কিংয়ের শীর্ষ জায়গাটা নিয়ে এত আগে কথা বলা ঠিক না। যদি এক নম্বরে উঠতে হয় তাহলে সারা বছরই ভালো খেলতে হবে।’ জোকোভিচের প্রশংসা করেছেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালিস্ট নাদাল, ‘ও যা করেছে সেটা অবিশ্বাস্য। প্রথমত, ও খুব ভালো খেলোয়াড়। দ্বিতীয়ত, দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। হয়তো আমি একটু বেশিই নার্ভাস ছিলাম।’ এএফপি।