নাদাল-ঘাতক রোসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সারা দিনই উত্তপ্ত ছিল উইম্বলডন। পক্ষপাতের অভিযোগ, নারী-পুরুষ বৈষম্য এমনিতেই কাঁপিয়ে দিয়েছিল অল ইংল্যান্ড ক্লাবকে। আর প্রায় মাঝরাতে সেন্টার কোর্টে যে ভূমিকম্প হলো, সেটা তো কাঁপিয়ে দিল পুরো টেনিস-বিশ্বকেই। ভূমিকম্পই। বিশ্বের ১০০ নম্বর চেক খেলোয়াড় লুকাস রোসলের কাছে হেরে রাফায়েল নাদাল বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই। উইম্বলডনের ইতিহাসে এটা এক বড় অঘটন। এ মাসের শুরুতেই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ১১তম গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। অন্যদিকে রোসল এর আগে পাঁচবার উইম্বলডনের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারেননি। সাত বছর পর কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে নাদালের হারটা এসেছে পাঁচ সেটের ম্যাচে, ৬-৭ (৯/১১), ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে।চতুর্থ সেটটা জিতে যখন নাদাল সমতা ফেরালেন মনে হচ্ছিল রোসলের জারিজুরি এখানেই শেষ। কিন্তু হলো ঠিক উল্টোটাই। পঞ্চম সেটে অবিশ্বাস্য টেনিসের প্রদর্শনীতে নাদালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেললেন চেক খেলোয়াড়। ম্যাচ শেষে নাদালের প্রতিক্রিয়ায় পরিষ্কার পঞ্চম সেটে কী হয়েছে, ‘পঞ্চম সেটে সে যা খেলল, সেটা অবিশ্বাস্যের চেয়েও বেশি কিছু। সে যদি এই খেলাটা সব সময় খেলতে পারত, সবার বিপক্ষেই জিতত।’ শেষ সেটের শেষ গেমে রোসলের দানবীয় গতির সার্ভের সামনে একেবারে অসহায় ছিলেন নাদাল। তবে নাদালকে হারিয়ে যেন কিছুটা বিব্রতই বয়সে নাদালের এক বছরের বড় রোসল, ‘এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। সে কত বড় তারকা! তার জন্য আমি দুঃখিত। আমি অবিশ্বাস্য খেলেছি। এখন নাদালকে একজন মানুষই মনে হচ্ছে। ’ নাদালের এই হারে কিছুটা হলেও পথ পরিষ্কার হলো অ্যান্ডি মারের। ড্রর একই ভাগে পড়েছিলেন নাদাল ও মারে। পরশু ক্রোয়েশিয়ান ইভো কার্লোভিচকে বিতর্কিত এক ম্যাচে ৭-৫, ৬-৭ (৫/৭), ৬-২, ৭-৬ (৭/৪) হারিয়েছেন এই ব্রিটিশ খেলোয়াড়। ম্যাচে ১১ বার ফুট ফল্টের কল শুনতে হয়েছে কার্লোভিচকে। ম্যাচ শেষে নিজেকে প্রতারিত ভাবছেন কার্লোভিচ, ‘এটা নির্লজ্জ পক্ষপাত।’ এএফপি, রয়টার্স।