
ঠিক যেন দৈত্য গোলিয়াথের সঙ্গে পুঁচকে ডেভিডের লড়াই।
আক্ষরিক অর্থেই কথাটা সত্য। দুজনের আগের ১২ সাক্ষাতেই জয়ী রাফায়েল নাদাল। মুখোমুখি হওয়া ১২ ম্যাচে স্তানিসলাস ভাভরিঙ্কা জিততে পেরেছেন মাত্র একটি সেট!
এর সঙ্গে র্যাঙ্কিং, গ্র্যান্ড স্লাম অভিজ্ঞতা যোগ করলে অস্ট্রেলিয়ান ওপেনে আজকের পুরুষ এককের ফাইনালে ‘দৈত্য’ নাদাল। ‘ডেভিড’ ভাভরিঙ্কা। সাদা চোখে তাই নাদালের ১৪ নম্বর গ্র্যান্ড স্লামটা যেন দেখাই যাচ্ছে! গল্পটা অন্যভাবে লিখতে হলে ভাভরিঙ্কাকে অসাধারণ কিছুই করতে হবে। ভাভরিঙ্কা পারবেন?
ক্যারিয়ারজুড়েই ২৮ বছর বয়সী ভাভরিঙ্কা থেকেছেন রজার ফেদেরারের ছায়ায় ঢাকা। আন্তর্জাতিক অঙ্গনে তো বটেই; সুইজারল্যান্ডেও ফেদেরারের ছায়া থেকে বের হতে পারেননি একটিবারের জন্যও। ফেদেরারের রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ের পাশে ভাভরিঙ্কা এর আগে গ্র্যান্ড স্লামের ফাইনালেই উঠতে পারেননি কখনো।
তবে সুইজারল্যান্ডে আজকের দৃশ্যটা পুরোপুরিই অন্য। সেমিফাইনালে এই নাদালের কাছেই হেরে দর্শক হয়ে গেছেন ফেদেরার। সুইসদের আশা-ভরসা, স্বপ্নের মালা গাঁথা সবকিছুই আজ ভাভরিঙ্কাকে ঘিরে। ২৮ বছর বয়সী আজ যখন কোর্টে নামবেন, স্বয়ং ফেদেরারও থাকবেন তাঁর ভক্তের তালিকায়।
গ্র্যান্ড স্লামের আজন্ম স্বপ্নপূরণে ভাভরিঙ্কা বুঁদ হয়ে আছেন। তবে প্রতিপক্ষ হিসেবে নাদাল কতটা কঠিন, সেটিও তাঁর চেয়ে ভালো করেই জানা। তার পরও আত্মবিশ্বাসী ভাভরিঙ্কা। তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়। ওই ম্যাচের আগে দুজনের সর্বশেষ ১৪ সাক্ষাতেই জোকোভিচের কাছে হেরেছিলেন ভাভরিঙ্কা। ফেদেরারের স্বদেশি তাই বলছেন, ‘নোভাকের ম্যাচটা আমাকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছে। এটা আমাকে দেখিয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচে বড় প্রতিপক্ষের বিপক্ষেও আমি উচ্চপর্যায়ের টেনিস খেলতে পারি।’
এর প্রমাণ মিলেছে সেমিফাইনালেই। শেষ চারে দুর্দান্ত লড়াই করেই সপ্তম বাছাই টমাস বার্ডিচকে হারিয়ে উঠেছেন ফাইনালে। সব মিলে এই ভাভরিঙ্কাকে সমীহ করছেন নাদালও, ‘সে যেকোনো সময়ের চেয়ে ভালো খেলছে...যেকোনো খেলোয়াড়ের বিপক্ষেই জিততে তৈরি সে। নোভাকের বিপক্ষে তার খেলা দেখেছি। বার্ডিচের বিপক্ষে খেলা দেখেছি। আমি যদি আমার সেরা টেনিসটা না খেলতে পারি, আমার সুযোগ থাকবে না।’
মুখে এটা বললেও মনে মনে হয়তো সর্বকালের সেরার বিতর্কটাকে আরও উসকে দেওয়ার পরিকল্পনাই আঁটছেন নাদাল। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ীদের তালিকায় ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের ওপরে কেবল দুজন—ফেদেরার (১৭টি) ও পিট সাম্প্রাস (১৪টি)। আজ জিতলেই নাদাল ছুঁয়ে ফেলবেন সাম্প্রাসকে। ছুঁবেন রড লেভার ও রয় এমারসনের ক্যারিয়ারে অন্তত দুবার করে সবগুলো গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও। এএফপি।
ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম ফাইনাল এবং অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় ফাইনালে নাদালকে হয়তো উজ্জীবিত করবে অন্য একটা স্মৃতিও। গত বছর চোটের কারণে মেলবোর্নে খেলতে পারেননি। এবার নিশ্চয় মেলবোর্নে দ্বিতীয় শিরোপা জিতে সেই আক্ষেপ মুছে ফেলতে চাইবেন?