নাদাল নিজেই ছিলেন সন্দিহান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লে কোর্টের রাজা! রোলঁা গারোয় বলকুড়ানিদের সঙ্গে পরশুর এই ছবিতে ‘রাজা’র মতোই দেখাচ্ছে রাফায়েল নাদালকে l এএফপি
ক্লে কোর্টের রাজা! রোলঁা গারোয় বলকুড়ানিদের সঙ্গে পরশুর এই ছবিতে ‘রাজা’র মতোই দেখাচ্ছে রাফায়েল নাদালকে l এএফপি

রাফায়েল নাদাল কি আর কখনো গ্র্যান্ড স্লাম জিততে পারবেন? মাঝখানে এমন একটা প্রশ্নই উঠে গিয়েছিল! স্প্যানিশ তারকার ১৫তম গ্র্যান্ড স্লাম জয় নিয়ে সন্দেহবাদীদের দলে তো নাদাল নিজেই ছিলেন!
পরশু রোলাঁ গারোয় ‘লা দেসিমা’ জয়ের পর নাদাল অকপটেই সেটি স্বীকার করেছেন। আর সন্দিহান হয়ে পড়েছিলেন বলেই নিজেকে ফিরে পেতে আরও কঠোর পরিশ্রম করেছেন। এই পরিশ্রমেরই ফল—লাল দুর্গে দশম শিরোপা জয়। নাদালের ভাষায়, ‘প্রতিদিনই সন্দিহান থেকেছি। আর এটা এক দিক থেকে আমার জন্য ভালো হয়েছে। আরও বেশি একাগ্রতা নিয়ে আরও বেশি পরিশ্রম করেছি। আমি এটা মেনেই নিয়েছিলাম, আমাকে অনেক কিছুতেই উন্নতি করতে হবে। (আরেকটি গ্র্যান্ড স্লাম জয় নিয়ে) আজও আমি সন্দিহান। তিন বছর আগেও আমার সন্দেহ ছিল। আগামী কিছুদিনও আমার সন্দেহ থাকবে।’
সন্দেহ জাগাটাই স্বাভাবিক ছিল। ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছিটকে পড়েন র্যাঙ্কিংয়ের সেরা পাঁচ থেকে। চোট, অসুস্থতা আর বাজে ফর্ম মিলিয়ে হার্ড এবং ঘাসের কোর্ট তো বটেই, প্রিয় ক্লে-কোর্টেও হেরেছেন অখ্যাতদের কাছেও। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেন জয়ের আগে আগের ৯টি গ্র্যান্ড স্লামে ছিলেন শিরোপাশূন্য। এরপরও যে ফিরে এসেছেন সেটি তো তাঁর ‘হার না-মানা’ মানসিকতার কারণেই। নাদাল অবশ্য কৃতিত্ব দিচ্ছেন ক্যারিয়ার নিয়ে তাঁর দোদুল্যমান অবস্থাকেই, ‘জীবন কখনোই অনিশ্চয়তামুক্ত নয়। যদি তুমি সন্দিহান না হও তাহলে তুমি উদ্ধত। আর আমি ব্যক্তি হিসেবে উদ্ধত নই।’
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন নাদাল। আর মন্টে কার্লো মাস্টার্স এবং বার্সেলোনা ওপেনে জিতে নিজেকে ফ্রেঞ্চ ওপেনের অন্যতম দাবিদার হিসেবে মেলে ধরেছিলেন নিজেকে। আর পরশুর ফাইনালে যে নাদালকে দেখলেন প্রতিপক্ষ ভাভরিঙ্কা, সেই নাদাল এ যাবৎকালের সেরা, ‘আমি নিশ্চিত, সে তার সেরা খেলাটাই খেলছে। শুধু এখানেই নয়। আমার তো মনে হয় এই বছরের শুরু থেকেই। আরও আক্রমণাত্মক হয়েছে তার খেলা, খেলছে লাইনের কাছাকাছি থেকে।’
নাদাল যে তাঁর সেরা ফর্মে ফিরেছেন তাঁর আরও একটা প্রমাণ—এ বছর ফ্রেঞ্চ ওপেনে একটি সেটও হারেননি। নিজেকে ফিরে পাওয়ার পাশাপাশি নাদাল জিতলেন শিরোপাও। তবে এটি আর দশটি শিরোপা থেকে আলাদা। ‘রোলাঁ গারোয় দশম শিরোপা জয় অবিশ্বাস্য একটা ব্যাপার। গত বছর খুবই বাজে কেটেছে আমার। তাই আবার বড় একটা সাফল্য পাওয়াটা দারুণ ব্যাপার।’
ফ্রেঞ্চ ওপেনের সাফল্যের পর উইম্বলডনের অন্যতম দাবিদারও নাদাল। ‘অবশ্যই সে এখন উইম্বলডনের অন্যতম ফেবারিট’—জানিয়ে সুইডিশ টেনিস গ্রেট ম্যাটস উইল্যান্ডার নতুন করে নিজেকে ফিরে পাওয়া নাদালে মুগ্ধ, ‘নাদাল তার খেলায় পরিবর্তন এনেছে। বেসলাইনের কাছাকাছি থেকে খেলছে আরও আক্রমণাত্মক। এ যেন অন্য নাদাল।’
রোলাঁ গারোয় সাফল্যের পর অবশ্য উইম্বলডন নিয়ে কিছু বলেননি নাদাল। বলেছেন আরও একটা বড় লক্ষ্য, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা নিয়ে, ‘কোর্টে যদি সাফল্য পাই আমার এক নম্বর হওয়ার সুযোগ আছে...যদি ভালো খেলতে পারি, তাহলে কেন নয়?’
র্যাঙ্কিংয়ের চারে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু করা নাদাল এরই মধ্যে উঠে গেছেন দুইয়ে। এএফপি, রয়টার্স।