নাদাল-ফেদেরার ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে থামল নোভাক জোকোভিচের স্বপ্নযাত্রা। ছোঁয়া হলো না জন ম্যাকেনরোর এক বছরে টানা ৪২ জয়ের রেকর্ড। উঠতে পারলেন না র্যাঙ্কিং শীর্ষেও। গত নভেম্বরে সর্বশেষ হেরেছিলেন যাঁর কাছে, সেই রজার ফেদেরারের কাছে হেরেই পূরণ হলো চক্র। দারুণ এক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেলেন ফেদেরার (৭-৬, ৬-৩, ৩-৬ ও ৭-৫)। অ্যান্ডি মারেকে হারিয়ে সেখানে আগেই অপেক্ষা করছেন রাফায়েল নাদাল। নিজের ২৫তম জন্মদিনে সবচেয়ে বড় উপহারটি নিজেই নিজেকে দিতে পেরেছেন নাদাল। পুরুষ এককের প্রথম সেমিফাইনালে মারেকে সরাসরি সেটে (৬-৪, ৭-৫, ৬-৪) হারিয়েছেন মাটির কোর্টের রাজা। এ নিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠলেন নাদাল। এখন তাঁর সামনে সুযোগ ওপেন-যুগে সর্বোচ্চ ছয়বার ফ্রেঞ্চ ওপেন জেতার বিয়ন বোর্গের রেকর্ড ছোঁয়ার। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও ফেদেরারের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচ জিতেছিলেন জোকোভিচ। কিন্তু এই টুর্নামেন্টে দারুণ খেলছেন ফেদেরার, কালকের আগে হারেননি একটি সেটও। তাঁর সামনে এখন ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় শিরোপার হাতছানি। গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি ভারতের সানিয়া মির্জা। মেয়েদের দ্বৈতের ফাইনালে কাল রাশিয়ার ভেসনিনাকে নিয়ে হেরে গেছেন চেক জুটি লাভেকোভা-রাদেকার কাছে (৬-৪, ৬-৩)। স্টার স্পোর্টস।