নাদাল ফেদেরারদেরও প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম লি ডাক-হি, বয়স ১৫। অথচ এই কোরিয়ান কিশোরই কিনা নাদাল-ফেদেরারদেরও প্রেরণা! ষ এএফপি
নাম লি ডাক-হি, বয়স ১৫। অথচ এই কোরিয়ান কিশোরই কিনা নাদাল-ফেদেরারদেরও প্রেরণা! ষ এএফপি

ফেদেরার-নাদাল সারা বিশ্বের লাখো কিশোরের অনুপ্রেরণা। কোনো একদিন দুই মহাতারকার কীর্তি ছোঁয়ারও স্বপ্ন দেখে এই উঠতি খেলোয়াড়েরা। এমনই একজন দক্ষিণ কোরিয়ার লি ডাক-হি। কিন্তু ১৫ বছরের এই কিশোরের কাছ থেকেই যে অনুপ্রেরণা খোঁজেন নাদাল-ফেদেরার। দক্ষিণ কোরিয়ার এই কিশোর জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী। পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দও তাঁর অনুভূতিকে নাড়া দেয় না। কিন্তু এসবের কিছুই বাধা হয়নি লির পথচলায়। পরশুই যে জুনিয়র উইম্বলডনে অভিষেক হয়ে গেল এই বিস্ময় বালকের।
তাঁর এই কাহিনি আগে থেকেই জানা ফেদেরার-নাদালের। ২০০৬ সালে সিউলে প্রদর্শনী ম্যাচ খেলতে যাওয়ার পর থেকেই লির খোঁজখবর রাখছেন টেনিসের দুই জীবন্ত কিংবদন্তি। তখন নাদাল-ফেদেরারের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছিল ৮ বছরের বালক লি। গত এপ্রিলে লি এটিপি র‌্যাঙ্কিংয়ে প্রথম পয়েন্টটা পেতেই নাদাল তাৎক্ষণিক টুইট করেছিলেন, ‘#ডাকহিলির গল্পটা আমাদের এই শিক্ষা দেয়, আমাদের লড়াই করতেই হবে।’
লাইনকল, আম্পায়ারের সিদ্ধান্ত, প্রতিপক্ষের চিৎকার কিংবা বলে র‌্যাকেটের আঘাতের শব্দ—কিছুই শোনেন না লি। তবে এসব তাঁর কাছে কোনোই বাধা নয়। তাঁর দুঃখ একটাই, সমর্থকদের উল্লাসধ্বনি শুনতে না পাওয়া।

নিজের কথা অন্যকে বোঝানোও কঠিন তাঁর জন্য। বাবার সঙ্গে ঠোঁটের ইশারায় হয় কথাবার্তা। সেটাই কাগজে কোরিয়ান ভাষায় লিখে এজেন্টের মাধ্যমে অনূদিত হয় ইংরেজিতে। সংবাদমাধ্যমের সঙ্গে এ রকম কষ্টসাধ্য পদ্ধতিতেই নিজের অনুভূতিগুলো জানালেন লি, ‘যখন আমি খেলি শোনা না-শোনাটা কোনোই সমস্যা করে না। একদমই না। আমি যদি কিছু শুনতে চাই, তা হচ্ছে সমর্থকদের উল্লাসধ্বনি।’

কোন বলটা কত জোরে আসছে, সেটা প্রতিপক্ষের নড়াচড়া দেখেই বুঝে নেন লি, ‘প্রতিপক্ষের প্রতিক্রিয়া দেখেই আমি বুঝতে পারি, সে কি জোরে না আস্তে মারতে যাচ্ছে। আমি না শুনলেও চোখে দেখেই শব্দটা বুঝতে পারি। এই অনুভূতিটা দিন দিন আরও জোরালো হচ্ছে। শুনতে না পাওয়ার এই প্রতিবন্ধকতা আমি আগেই পেরিয়ে এসেছি।’ এএফপি।

বেশ কটা জুনিয়র শিরোপা জেতা এই কোরিয়ান এখন স্বপ্ন দেখছেন গ্র্যান্ড স্লাম সাফল্যের। যদিও উইম্বলডন অভিষেকটা ভালো হয়নি। প্রথম রাউন্ডেই হেরে গেছেন চিলির ক্রিস্টিয়ান গারিনের কাছে। তবে এতে মোটেও হতাশ নন লি, ‘এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি খুব করে জিততে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য। আগামী বছর জুনিয়রটা জিততে চাই ও এরপর মূল টুর্নামেন্টে খেলতে চাই।’