নাদাল-ফেদেরারের জয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনের ফাইনালটাও কি নাদাল-ফেদেরারের দ্বৈরথই হবে? ‘হ্যাঁ’ উত্তরের জন্যই যেন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন সময়ের সেরা দুই তারকা। বিশ্বের এক নম্বর রাফায়েল নাদাল কোর্টে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে একধাপ এগিয়ে যান তো, পরক্ষণেই রজার ফেদেরার যেন কোর্টে নামেন আরও একতরফা জয়ের নেশা চাপিয়ে। প্রতিপক্ষের আশা মুছে দিয়ে কাল এই দুজন তো চতুর্থ রাউন্ডে উঠেছেনই; তাদের সঙ্গে শেষ ষোলতে নাম তুলেছেন মহিলা এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচ, রবিন সোদারলিংরাও।তবে অঘটনও আছে। পুরুষ এককে হেরে গেছেন গায়েল মনফিলস। মহিলা এককে অঘটনের আঁচড়টা একটু বেশিই গাঢ়। ফ্রেঞ্চ ওপেনের সাবেক দুই চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ ও ফ্রান্সেসকা শিয়াভোন বিদায় নিয়েছেন এক যোগে।এদিকে দ্বিতীয় রাউন্ডেই ফ্রেঞ্চ ওপেনের রানি লি না এবং ঝেং জি বিদায় নিলেও উইম্বলডনে চীনের মশাল নেভেনি। চীনাদের প্রত্যাশার মশালটা জ্বেলে রেখেছেন পেং সুই। কাল হাঙ্গেরির মেলিন্ডা জিঙ্ককে ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ২৫ বছর বয়সী পেং প্রথমবার পা রেখেছেন উইম্বলডনের চতুর্থ রাউন্ডে। ২০০৫ সালে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নাদালকে হারিয়েছিলেন জাইলস মুলার। এবার তৃতীয় রাউন্ডেই মুলারকে পেয়ে ভালোই প্রতিশোধ নিলেন নাদাল। যদিও ছয় বছর আগের সেই জয়ে উজ্জীবিত হয়ে লুক্সেমবার্গের অবাছাই খেলোয়াড় প্রথম দুই সেটে লড়াই করেছেন হাড্ডাহাড্ডি। কিন্তু তৃতীয় সেটে এসে মুলার দেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন নাদাল আগুন, স্কোর ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৫), ৬-০। ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন আর্জেন্টাইন ডেভিড নালবানডিয়ানকে। এএফপি।মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই ওজনিয়াকির সামনে বাধাই হতে পারেননি অস্ট্রেলিয়ান জার্মিলা গায়দোসোভা। সেন্টার কোর্টের অভিষেক ম্যাচে ডেনিশ তরুণী জিতেছেন ৬-৩, ৬-২ গেমে। চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভার বিপক্ষে শারাপোভার জয়টি ৬-২, ৬-৩ গেমে। শারাপোভার স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে সেরেনা হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে।শিয়াভোনেকে ৩-৬, ৬-৪, ৩-২ গেমে হারিয়ে অস্ট্রিয়ার টমিরা পাসেক এবং সার্বিয়ান ইভানোভিচকে ৬-২, ৭-৬ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে চেক প্রজাতন্ত্রের পেত্রা চেতকোভস্কা।