নাদাল-ফেদেরারের বিদায়
সপ্তাহ খানেক পরই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতিটা ভালো হলো না সাবেক দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের। বছর সূচক এটিপি টুর্নামেন্ট কাতার ওপেনের সেমিফাইনাল থেকে পরশু বিদায় নিয়েছেন দুজনই।শীর্ষ বাছাই ও র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা নাদালকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা। পরে স্বদেশী মনফিলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সোঙ্গাই। অন্যদিকে ইনজুরির কাছে হেরেই বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় রজার ফেদেরার। ফ্রান্সের গায়েল মনফিলসের বিপক্ষে পিঠের চোট কোর্টেই নামতে দেয়নি তাঁকে।তবে দুজনের কেউই অপ্রত্যাশিত এই বিদায়কে বড় করে দেখছেন না। হেরেও নাদাল বলছেন টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট, ‘আমি মিথ্যা বলব না, আমার চিন্তাভাবনা খুবই ইতিবাচক। দারুণ এক টুর্নামেন্টই খেলেছি বলে মনে করি আমি। যা ভেবেছিলাম, তার চেয়েও ভালো খেলেছি। নেতিবাচক যদি কিছু থাকে তবে সেটা, আজকের (শুক্রবার) এই হার। বাকি সবকিছু নিয়ে আমি সন্তুষ্ট।’মনফিলসের কাছে হার অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতেও কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নাদাল, ‘আমি সাধারণত যেভাবে খেলি, তার চেয়েও বেশি আক্রমণাত্মক খেলেছি এই টুর্নামেন্টে। আমি এটা করেছি, কারণ সামনে আমাকে বিশ্বের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে খেলতে হবে এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতার চেষ্টা করতে হবে।’পিঠে চোট নিয়ে আগের দুটি ম্যাচ খেললেও পুরো ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার স্বার্থেই নাম প্রত্যাহার করে নেন ফেদেরার। পিঠের চোট ‘গুরুতর কিছু নয়’ জানিয়ে ফেদেরার বলছেন, ‘অতীতেও পিঠের অবস্থা খারাপ ছিল আমার। কিন্তু অবস্থাটা আরও খারাপ হয়েছে। না হলে, অবশ্যই খেলতাম। এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালাম আমি।’ তবে অস্ট্রেলিয়ান ওপেনের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠা রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিকের প্রত্যাশা, ‘খেলার বাইরে থেকে সঠিক শুশ্রূষায় আমি কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে উঠব।’এদিকে চোটের কারণে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের মাঝপথে সরে দাঁড়িয়েছেন কিম ক্লাইস্টার্স। শুক্রবার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেও তাঁর নিতম্বের চোট গুরুতর কিছু নয়। বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন। এএফপি, রয়টার্স।