নাদাল-বধের পর...
দুই দিন আগে জন্ম দিয়েছেন অঘটনের। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় করেছেন রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিস র্যাঙ্কিংয়ে ১৩৫তম স্থানে থাকা স্টিভ ডারসিসের কাছে নাদালের ওই হারকে উইম্বলডন তো বটেই, টেনিসের ইতিহাসেই অন্যতম বড় অঘটন হিসেবে হিসেবে দেখা হচ্ছে।আনন্দটা যেন সইল না ডারসিসের। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামার আগেই আজ বুধবার ঘোষণা করতে হলো—বিদায় উইম্বলডন! চোটের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন উইম্বলডনের এবারের আসরের উদ্বোধনী দিনে রূপকথার জন্ম দেওয়া ডারসিস।নাদালের বিপক্ষে ম্যাচ চলার সময়ই কাঁধে চোট পেয়েছিলেন ডারসিস। প্রাথমিক চিকিত্সা নেওয়ার পর মনে হয়েছিল, সমস্যাটা কেটে গেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর কাঁধে আবারও ব্যথা অনুভব করেন ডারসিস। ব্যথার তীব্রতা এতটাই ছিল, নির্ঘুম রাত কাটাতে হয় তাঁকে।১২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালকে হারিয়ে তারকা বনে গিয়েছিলেন। সেটা উপভোগ করার সুযোগও পেলেন না ডারসিস। ঘোষণা করতে হলো প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর। টুইটারে নিজের বেদনাটা প্রকাশও করেছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়, ‘এমন জয়ের পর প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার! এমন কঠিন কাজ কখনোই করিনি আমি।’সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনও করেছেন ডারসিস। জানিয়েছেন, কীভাবে চোট পেলেন, কোন পরিস্থিতিতে নিজেকে গুটিয়ে নিলেন প্রতিযোগিতা থেকে। ডারসিস বলেন, ‘নাদালের বিপক্ষে প্রথম সেট চলার সময় কোর্টে পড়ে গিয়েছিলাম। ব্যথাটা পেয়েছিলাম তখনই। গরম সেঁক নেওয়ার পর মনে হয়েছিল, ব্যথাটা কেটে গেছে। ম্যাচের বাকি সময়ে তা অনুভবও করিনি।’ডারসিস বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রচণ্ড ব্যথা অনুভব করি। সারা রাত ঘুমাতে পারিনি। ফিজিও, চিকিত্সকের শরণাপন্ন হলাম। তাঁরা বেশ সহায়তা করেছেন। আজ তুলনামূলক ভালো লাগছে। তবে আমি খেলার অবস্থায় নেই। সার্ভ করতে পারি না, এমনকি বলে আঘাত পর্যন্ত করতে পারি না।’নাদাল-বধের আনন্দটা যে মাটি হয়ে গেছে, তা-ও অকপটে স্বীকার করেছেন ডারসিস, ‘নাদালের মতো একজনের বিপক্ষে প্রথম রাউন্ডে জয় পাওয়ার পর আপনি আরও ভালো করতে চাইবেন। আরও বেশি ম্যাচ খেলতে চাইবেন। অথচ সবচেয়ে বড় হতাশাটা পেলাম আমি। নাদালকে হারিয়েছি, এটা দারুণ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমি আর খেলতে পারছি না। এখন কেবল এ ব্যাপারটাই আমার মাথায় কাজ করছে। নাদালকে হারানোর সুখস্মৃতিটা এই মুহূর্তে নেই।’ ডারসিসের সর্বনাশে ‘পৌষ মাস’ লুকাস কুবটের। দ্বিতীয় রাউন্ডের লড়াইটা করতে হলো না। ডারসিস সরে দাঁড়ানোয় সরাসরি তৃতীয় রাউন্ডে উঠে গেছেন পোলিশ এই খেলোয়াড়। সূত্র: রয়টার্স।