নাদাল বলছেন ‘অসম্ভব’
গত অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন চোটের কারণে। তা না হলে শিরোপাটা ধরে রাখতে পারতেন—এমন অনুমান করা কি অন্যায় হবে? যদি তা-ই হতো, তাহলেই রড লেভারের পাশে নাম বসে যেত রাফায়েল নাদালের। এক বছরে চার গ্র্যান্ড স্লামই ঘরে তোলা হয়ে যেত। অনেকেই বলছেন, যে ফর্মে আছেন, তাতে এক বছরে চারটি গ্র্যান্ড স্লামই জেতা নাদালের জন্য অসম্ভব কিছু না। এ বছরই তো তিনটা জিতেছেন তিনি।কিন্তু নাদাল যে এই প্রশ্নটার মুখোমুখি হতেই রাজি নন। কোনোভাবেই মানতে রাজি নন যে তাঁর পক্ষে এক মৌসুমে চার ট্রফিই ঘরে তোলা সম্ভব, ‘আমার পক্ষে চার শিরোপা জেতা অসম্ভব। আমি চেষ্টা করব এবং আগামী মৌসুমে চারটি শিরোপা জেতার জন্য খেলব। কিন্তু শিরোপা চারটিই গ্র্যান্ড স্লাম জিততে হবে, এমন কোনো কথা নেই। সেটা আমার পক্ষে সম্ভব না।’ ইতিহাসও কথা বলছে নাদালের হয়ে। মাত্র দুজন পুরুষ খেলোয়াড় এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। সেই ১৯৩৮ সালে ডন বাজ। ১৯৬২ ও ১৯৬৯ সালে রড লেভার। রয়টার্স।