নাদাল-শারাপোভার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল কোর্টে নেমেই কিমিকো দাতে-ক্রুম নাম তুলে ফেললেন ইতিহাসের পাতায়। ওপেন যুগে ফ্রেঞ্চ ওপেনে খেলা সবচেয়ে বয়সী নারী খেলোয়াড়দের মধ্যে তাঁর অবস্থান এখন তিনে। কীর্তিটাকে জয়ে রাঙিয়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু ৪১ বছর বয়সী জাপানি জিতবেন কী করে? প্রথম রাউন্ডেই যে তাঁর প্রতিপক্ষ ২০১০ চ্যাম্পিয়ন এবং ২০১১ সালের রানারআপ ফ্রান্সেসকা শিয়াভোনে। ইতালিয়ান শিয়াভোনে জিতলেন সহজেই (৬-৩, ৬-১)।শিয়াভোনের স্বদেশি সিমোনে বোলেল্লি ছিলেন কিমিকো দাতের মতো ‘কপাল পোড়া’। প্রথম রাউন্ডেই তাঁকে পড়তে হয় ছয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের সামনে। বর্তমান চ্যাম্পিয়ন, ফ্রেঞ্চ ওপেনের এ সময়ের সবচেয়ে বড় তারকার খেলা দেখার অপেক্ষা ফুরাল তৃতীয় দিনে এসে। বোলেল্লিকে ৬-২, ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে রোঁলা গাঁরোর ‘রাজা’ ভক্তদের অপেক্ষাকে সার্থক করে তুললেন।ওদিকে মারিয়া শারাপোভা রোমানিয়ান প্রতিপক্ষ অ্যালেজান্দ্রা কাদান্তুকে করেছেন ‘হোয়াইটওয়াশ’। মাত্র ৪৮ মিনিট স্থায়ী একতরফা ম্যাচে জিতেছেন ৬-০, ৬-০ গেমে। এএফপি।