নাদাল সত্যিই ফিরলেন!
দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে ছিলেন। এরপর ব্রাজিল ও মেক্সিকোতে জিতে আভাস দিয়েছিলেন পুরোনো রূপে ফেরার। তবে ইন্ডিয়ানা ওয়েলসটাকেই হয়তো নিয়েছিলেন আসল পরীক্ষা হিসেবে। তাতে এখন পর্যন্ত দারুণভাবে উতরে গেছেন রাফায়েল নাদাল। গত পরশু চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে হারিয়ে উঠে গেছেন শেষ চারে। সেখানে তাঁর প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচ। এক বছর আগে এই টুর্নামেন্টেই শেষবার মুখোমুখি হয়েছিলেন দুই মহারথী। সেবার সেমিফাইনালে জিতেছিলেন ফেদেরার। সেই হারেরই বদলা নিলেন নাদাল। জিতেছেন সহজেই, ৬-৪, ৬-২ গেমে, সময় লেগেছে ১ ঘণ্টা ২৪ মিনিট। পিঠে চোট নিয়েই চতুর্থ রাউন্ডে জিতেছিলেন ‘ফেডএক্সপ্রেস’। পুরোনো শত্রুর বিপক্ষে অসহায় আত্মসমর্পণের সেটাও একটা কারণ। ম্যাচ শেষে নাদালও সেটা স্বীকার করলেন, ‘দ্বিতীয় সেটে সে তার স্বাভাবিক খেলা খেলেনি। সম্ভবত তার কিছুটা সমস্যা হচ্ছিল। সে হয়তো ঠিক স্বচ্ছন্দ বোধ করছিল না।’ ফেদেরার অবশ্য চোটকে অজুহাত হিসেবে দাঁড় করাননি, ‘এটা খুব বড় কোনো বিষয় নয়। বিশেষ করে নাদাল যেভাবে খেলেছে তাতে তো নয়-ই।’মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠে গেছেন মারিয়া শারাপোভা। ইতালির সারা এরানিকে হারিয়েছেন ৭-৬ (৮/৬), ৬-২ গেমে। এএফপি।