নাদালই সেরা, বললেন মারে
রাফায়েল নাদাল নাকি রজার ফেদারার, এ সময়ের সেরা টেনিস তারকা কে? বেশ কয়েক বছর ধরে চলমান এই বিতর্কে নিজের ভোটটা নাদালকেই দিয়েছেন র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা অ্যান্ডি মারে।ইতিমধ্যেই রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন ফেদারার। অন্যদিকে নাদালের ট্রফি কেসে এখন পর্যন্ত জমা পড়েছে ১০টি গ্র্যান্ড স্লাম শিরোপা। কিন্তু মুখোমুখি লড়াইয়ে স্প্যানিশ তারকাই আছেন অনেক এগিয়ে। এখন পর্যন্ত ২৫ বার পরস্পরের মুখোমুখি হয়ে ১৭টিতেই জয় ছিনিয়ে এনেছেন নাদাল। এই মাসেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফেদেরারকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন এই এক নম্বর টেনিস তারকা। সেই সঙ্গে অলিম্পিকে সোনা জয় ও ডেভিস কাপের শিরোপা তাঁকে অনেকখানি এগিয়ে দিয়েছে বলে মনে করছেন মারে। তিনি বলেছেন, ‘আমার কাছে নাদালই এ সময়ের সেরা তারকা। সে খুবই তরুণ। এর মধ্যেই সে অনেক কিছু জিতে ফেলেছে। অলিম্পিকে সোনা ও ডেভিস কাপের শিরোপা জয়টাও খুব চমকপ্রদ ব্যাপার। সব ধরনের কোর্টেই সে খুব ভালো খেলে। ফেদারারের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও নাদাল অনেক এগিয়ে আছে। সব মিলিয়ে তাঁকেই সেরা বলার অনেক শক্ত ভিত্তি আছে।’তবে বিনয়ী নাদাল নিজে শ্রেষ্ঠত্বের আসনটা ফেদারাকেই দিয়েছেন। ১৬টা গ্র্যান্ড স্লাম এখনও তাঁর কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার বলে উল্লেখ করেছেন এই স্প্যানিশ তারকা। তিনি বলেছেন, ‘আমি ফেদারারের ধারেকাছেও যেতে পারিনি। ১৬টা গ্র্যান্ড স্লাম জেতা অনেক কঠিন। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার। আমার এখনো ওই পর্যায়ে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে। কারণ আমি খুব ভালোমতোই জানি যে এই খেলাটা কত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ ওয়েবসাইট।