নাদালই ‘ভাঙবেন’ ফেদেরারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদাল হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু চাইলেও প্রসঙ্গটা মাটিচাপা দেওয়া যাচ্ছে না। এবার যে খোদ পিট সাম্প্রাস যোগ দিলেন সেই আলোচনায়। ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা এই টেনিস কিংবদন্তির রায়, নাদাল একদিন ছাড়িয়ে যাবেন রজার ফেদেরারকেও।‘এই বয়সেই ও কতগুলো শিরোপা জিতেছে! ও যদি হিসাব কষে বেছে বেছে টুর্নামেন্ট খেলে তাহলে আমার তো মনে হয় ওর পক্ষে খুবই সম্ভব এটা করে দেখানো’—বলেছেন সাম্প্রাস।২৪ বছর বয়সী নাদাল মাত্রই কিছুদিন আগে নবম গ্র্যান্ড স্লাম জিতেছেন। ইউএস ওপেন জিতে পূর্ণ করেছেন ক্যারিয়ার স্লাম। এ বছর শেষ তিনটি গ্র্যান্ড স্লামই উঠেছে তাঁর হাতে। শুধু মাটি কিংবা ঘাসের কোর্টে নয়, নাদালের দাপট এখন হার্ডকোর্টেও। এ কারণেই বলাবলি হচ্ছে, ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের রেকর্ডটা একদিন নাদালই ভাঙবেন।ফেদেরার যাঁর কাছ থেকে রেকর্ডটা কেড়ে নিয়েছিলেন সেই সাম্প্রাস বলছেন, মুকুটটা নাদালকেই দিয়ে দিতে হবে ফেদেরারকে, ‘প্রশ্ন একটাই, রাফার শরীর এত ধকল নিতে পারবে কিনা। ও যেমন পরিশ্রম করে, প্রতিটি পয়েন্টের জন্যও কোর্টে যেভাবে ছুটে বেড়ায়—শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়। ওর খেলা দেখবেন, একদমই ক্লান্তি ওকে ছুঁতে পারে না। তবে লক্ষ্যটা অনেক কঠিন। অনেকগুলো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ভালো খেলতে হবে।’সাম্প্রাস অবশ্য এও মনে করেন, অন্ধের মতো ফেদেরারের পিছে ছোটার কোনো দরকার নেই। এখনই নাদালের জন্য ইতিহাস তাঁর প্রাপ্য আসন ছেড়ে দিয়েছে, ‘ও সবগুলো মেজরই জিতেছে। অলিম্পিকও। প্রধান প্রতিদ্বন্দ্বী রজারকে ওই বশীভূত করেছে। আমার মনে হয় না ওর ১৬, ১৭ কিংবা ১৮টি গ্র্যান্ড স্লামের লক্ষ্য নিয়ে খেলবে। ওর চেষ্টা থাকবে টেনিস খেলোয়াড় হিসেবে আরও উন্নতি করে যাওয়া। এর ফাঁকে যদি রেকর্ডটা চলে আসে তো বেশ। তবে ও অবশ্যই এটা করে দেখাতে পারে।’সাম্প্রাসের এমন নাদাল-প্রীতিতে ফেদেরার যেন মন খারাপ না করে বসেন। কারণ ফেদেরার-মুগ্ধতাও অটুট এই সাবেক মার্কিন তারকার, ‘রজার এখনো ফেবারিট। এবার ফাইনালে সেও তো খেলতে পারত। ও এখনো দারুণ খেলছে। ওর খেলার মধ্যে আমি বড় ধরনের কোনো পতনের ছায়া দেখছি না। আসলে অন্যরা আগের চেয়ে অনেক বেশি ভালো খেলছে। পরের দুই-তিন বছর তাই রজারের জন্য হবে চ্যালেঞ্জের।’তাহলে তাঁর চোখে সর্বকালের সেরা কে? এখনকার নাদাল-ফেদেরার? তিনি নিজে? নাকি রড লেভার, জন ম্যাকেনরো, বিয়ন বোর্গের মতো সাবেকেরা? সাম্প্রাস কোনো তুলনায় যেতে রাজি নন, ‘আসলে টেনিসে প্রত্যেক যুগেই একজন করে সেরা ছিল। ষাটের দশকে ছিলেন লেভার। আশির দশকে ইভান লেন্ডল, জন। নব্বইয়ে আমি আর আগাসি। বেছে নেওয়া কঠিন।’নাদাল জেনে খুশি হবেন, সেরাদের ছোট্ট তালিকায়ও তাঁকে স্থান দিতে চান সাম্প্রাস, ‘রাফার যা সামর্থ্য, তাতে সেরা তিন বা চারের তালিকায় ওকে রাখতে হবে। তবে ওর কাজ শেষ হয়ে যায়নি। মাত্রই ক্যারিয়ারের মাঝপথে। আরও বড় কিছু করে দেখানোর সম্ভাবনা ওর আছে অবশ্যই।’ রয়টার্স।