নাদালকে উড়িয়ে দিলেন ফেদেরার
রাফায়েল নাদালের বিপক্ষে রজার ফেদেরারের সর্বশেষ জয়টি ছিল গত বছর লন্ডনের এটিপি বিশ্ব ট্যুরস ফাইনালসের ফাইনালে। তারপর এ বছর তিন ম্যাচেই জয়ী নাদাল। বছর ঘুরে আবার যখন লন্ডনের সেই এটিপি ট্যুরস ফাইনালসে দুজনের দেখা, ফেদেরারই কোর্ট ছাড়লেন জয় নিয়ে। এবারের জয়টি অবশ্য ফাইনালে নয়, গ্রুপ ম্যাচে। আর এই জয় ফেদেরারকে পৌঁছে দিয়েছে সেমিফাইনালে। রেকর্ড ষষ্ঠ শিরোপা থেকে ফেদেরার এখন মাত্রই দুই ধাপ দূরে। আগের ম্যাচে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছিলেন ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে। শীর্ষ আট তারকার টুর্নামেন্টে একমাত্র মার্কিন প্রতিনিধি মার্ডি ফিশকে ৬-২, ৩-৬, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছিলেন নাদাল। ফলে নাদাল-ফেদেরার এই গ্রুপ ম্যাচটি দুজনের জন্যই ছিল সেমিতে ওঠার সিঁড়ি।মুখোমুখি দ্বৈরথে এগিয়ে ছিলেন নাদালই। কিন্তু কনসার্টের জন্য বিখ্যাত লন্ডনের ও-টু অ্যারেনায় যে ফেদেরারের র্যাকেটেও ওঠে মায়াবী সুর! সেই সুরের আবেশে নিজেকে গুলিয়ে ফেলা নাদাল পাত্তাই পাননি। ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সে মাত্র এক ঘণ্টায় ফেদেরার ম্যাচ জিতে নিয়েছেন ৬-৩, ৬-০ গেমে।শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ায় আজ ফিশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ফেদেরারের জন্য হয়ে দাঁড়িয়েছে স্রেফ আনুষ্ঠানিকতা রক্ষার ব্যাপার। অন্যদিকে সোঙ্গার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবেন নাদাল। প্রথম ম্যাচে ফেদেরারের কাছে হারলেও পরশু ফিশকে ৭-৬ (৭-৪), ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন সোঙ্গা। আজ তাই নাদাল-সোঙ্গা যিনিই জিতুন, ‘বি’ গ্রুপ থেকে তিনিই সেমিফাইনালে সঙ্গী হবেন ফেদেরারের।পরশুর হার চাপে ফেলেছে অবশ্যই। কিন্তু নাদাল সেমিফাইনালে ওঠার আশা ছাড়ছেন না, ‘এ মুহূর্তে আমি ভেঙে পড়ছি না, বা বিদায় বলছি না, লড়াইটা আমার চলবে। আমি এখনো টুর্নামেন্টে আছি এবং সামনের ম্যাচটি জিতলে সেমিফাইনালে উঠে যাব।’ নাদাল এই ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা ফেদেরারের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন দ্বিধাহীন, ‘আমাকে মানতেই হবে, সে দুর্দান্ত খেলেছে। অনেক, অনেক উঁচুতে ছিল তার মান। এমনটা শুধু রজারই পারে।’ নাদালের বিপক্ষে বিধ্বংসী জয়ের পর ফেদেরারও তৃপ্ত, ‘এই জয়টি অনেক ওপরে থাকবে, কারণ সম্ভবত এটা আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটা আমার জন্য ছিল দারুণ।’এদিকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন চোটগ্রস্ত অ্যান্ডি মারে। এর আগে ডেভিড ফেরারের কাছে এই ব্রিটিশ হেরে যান নিজের প্রথম ম্যাচ। মারের পরিবর্তে খেলবেন র্যাঙ্কিংয়ের ৯ নম্বর খেলোয়াড় ইয়াঙ্কো টিপসারভিচ। এই সার্বিয়ান খেলতে পারবেন গ্রুপের বাকি দুটি ম্যাচ। এএফপি।