নাদালকে ছিটকে দিলেন সোঙ্গা
ড্রয়িংরুমের শোকেসে ১০টি গ্র্যান্ড স্লাম ট্রফি জ্বলজ্বল করছে। কিন্তু সেখানে শীর্ষ আট তারকার টুর্নামেন্ট এটিপি বিশ্ব ট্যুরস ফাইনালসের ট্রফি নেই একটাও। ‘পঞ্চম গ্র্যান্ড স্লাম’ বিবেচিত টুর্নামেন্টটি একবারও না জিততে পারার হতাশাটা আরও গাঢ় হলো রাফায়েল নাদালের। গত বছরের রানারআপ নাদালকে এবার গ্রুপ পর্বেই ছিটকে দিলেন জো-উইলফ্রায়েড সোঙ্গা।মার্ডি ফিশকে হারিয়ে শুরু করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ফেদেরারের কাছে অসহায় আত্মসমর্পণের পরও তাই নাদাল দেখতে পাচ্ছিলেন সেমিফাইনালের দরজা, ‘আমি এখনো টুর্নামেন্টে আছি এবং সামনের ম্যাচটি জিতলে সেমিফাইনালে উঠে যাব।’ কিন্তু প্রত্যাশার সেই ম্যাচে সোঙ্গার কাছে পরশু হেরে গেলেন ৬-৭ (২-৭), ৬-৪, ৩-৬ গেমে।এদিকে আগের ম্যাচ নাদালকে বিধ্বস্ত করেই সেমিফাইনাল নিশ্চিত করা ফেদেরার জিতেছেন শেষ ম্যাচেও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে সুইস তারকা মার্ডি ফিশকে হারিয়েছেন ৬-১, ৩-৬, ৬-৩ গেমে।কিন্তু নাদালের এই ব্যর্থতার কারণ কী? বিশ্বের দুই নম্বর খেলোয়াড়ের চোখে টানা ১১ মাসের শারীরিক ও মানসিক ধকলই দায়ী, ‘কারণ অনেক। সম্ভবত খেলাটির প্রতি আসক্তি কিছুটা কমে গেছে। সম্ভবত স্বাভাবিকের চেয়ে আমি কিছুটা ক্লান্তও।’ এএফপি।