নাদালকে হারিয়ে জোকোভিচের প্রতিশোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদালের কাছে হেরেই গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। নাদালের কাছেই হেরেছেন ইউএস ওপেনের ফাইনালে। আগের সাতটি লড়াইয়ের ছয়বারই নাদাল হারিয়েছেন তাঁকে। শনিবার কেড়ে নিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও। নোভাক জোকোভিচ যেন এবার তারই প্রতিশোধ নিলেন। আজ বেইজিংয়ে চায়না ওপেনের ফাইনালে নাদালকে সরাসরি সেটে (৬-৩, ৬-৪) উড়িয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা।
তাতে অবশ্য র্যাঙ্কিংয়ের হেরফের হচ্ছে না। জোকোভিচকে দুইয়ে ঠেলে একে উঠে যাচ্ছেন নাদালই। আগামীকাল সেই র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। তবে ২০০৫ সালের পর চায়না ওপেন জেতার এত কাছে এসেও এভাবে ফিরে যাওয়ায় কিছুটা হতাশ তো নাদাল অবশ্যই।